‘ধারাবাহিক নাটকগুলোর গল্প মাঝপথে আকর্ষণ হারিয়ে ফেলে’

মৌটুসি বিশ্বাস। তার অভিনয়ের মুন্সিয়ানা ছোটপর্দার দর্শকরা দেখেছেন অনেকবছর। এখন নিয়মিত ধারাবাহিক নাটক নিয়ে চলছে তার ব্যস্ততা। কাজের বিষয়, ওয়েব সিরিজ ও চলচ্চিত্র নিয়ে কথা বললেন বিনোদন প্রতিদিনের সঙ্গে। সাক্ষাত্কার নিয়েছেন মোস্তাফিজ মিঠু

কেমন আছেন?

এইতো ভালো আছি। সবকিছু ভালোই চলছে।

শুরুতে বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে জানতে চাই—

নতুন করে এখনো কোনো ব্যস্ততা নেই। আগের কাজগুলোই চলছে। তবে নতুন কিছু কাজের কথা চলছে। এখনো কিছু চূড়ান্ত হয়নি।

নাটকের পাশাপাশি এখন তারকারা নিয়মিত ওয়েব সিরিজ করছেন। আপনাকে কবে ওয়েব সিরিজে দেখা যাচ্ছে?

আসলে নাটক বা ওয়েব সিরিজ যাই হোক সেটার মান ঠিক থাকলে আমার করতে কোনো সমস্যা নেই। এখন অনেকে ভালো ওয়েব সিরিজ নির্মাণ করছেন। ভালো কোনো গল্প পেলে অবশ্যই করবো।

অনেক অভিনয়শিল্পীর অভিযোগ যে, ধারাবাহিক নাটকের গল্পে মাঝপথে ধারাবাহিকতা থাকে না। এ বিষয়ে আপনি কী বলবেন?

এমন অভিজ্ঞতা আমার অনেক হয়েছে। ধারাবাহিক নাটকগুলোর গল্প মাঝপথে আকর্ষণ হারিয়ে ফেলে। অনেক সময় ইচ্ছে না থাকলেও কাজ করতে হয়। আবার অনেক সময় মাঝপথে কাজ বন্ধ করে দিতে হয়।

চলচ্চিত্র নিয়ে কী ভাবছেন?

চলচ্চিত্রে কাজ করার ইচ্ছে তো আছেই। তবে বিষয়টা ওয়েব সিরিজের মতোই। মান ঠিক থাকলে অবশ্যই চলচ্চিত্রে কাজ করবো।