খুলনায় বখাটেদের ইটের আঘাতে মসজিদের খাদেম নিহত

খুলনা অফিস

খুলনায় মাসুদ গাজী (৪০) নামে একজনকে মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। গত শনিবার রাত ৯টার দিকে নগরীর মিস্ত্রিপাড়া বাজার এলাকায় স্থানীয় বখাটেরা দু’ দফায় তার ওপর হামলা করলে তিনি গুরুতর জখম হন।  রাত দেড়টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।  নিহত মাসুদ গাজী নগরীর মিস্ত্রিপাড়া বাজার মসজিদের খাদেম হিসেবে কর্মরত ছিলেন। একই সঙ্গে রং মিস্ত্রি ও বিদ্যুতের কাজও করতেন। তিনি মহানগরীর পূর্ব বানিয়াখামার লোহারগেট নবম গলির বাসিন্দা মুনসুর রহমান গাজীর ছেলে।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, মাসুদ গাজী দই কিনে বাসায় ফেরার পথে কয়েকজন যুবক ডেকে বলে কি নিয়ে যাচ্ছিস? দধি বলে জবাব দিলে বলে শুধু দধি কেন, মিষ্টি কই? এভাবে কথা কাটাকাটির পর তিনি বাসায় চলে যান। পরে মাসুদ গাজী তার দু’ ভাইকে নিয়ে ঘটনাস্থলে গেলে বখাটেরা ইট দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে মারা যান। গতকাল রবিবার দুপুরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপতালে ময়না তদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান ওসি।