প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে নেপাল এবং বাংলাদেশের ব্যাংকারদের মধ্যে একটি মেলবন্ধন তৈরি হবে। এ ধরনের কর্মসূচির কারণে নেপাল এবং বাংলাদেশের আর্থিক খাতে কর্মরতদের আন্তর্জাতিক চর্চাগুলো জানার এক বড় প্লাটফর্ম তৈরি হয়েছে- যা আগামী দিনে জ্ঞানভিত্তিক ব্যাংকিং খাত গড়ে তুলতে সহায়ক হবে। গতকাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) এবং ব্যাংকিং ফাইন্যান্স অ্যান্ড ইন্সুরেন্স ইনস্টিটিউট অব নেপাল (বিএফআইএন) এর যৌথভাবে আয়োজিত এক প্রশিক্ষণ অনুষ্ঠানে এসব কথা বলেন বিআইবিএমের মহাপরিচালক (চলতি দায়িত্বে) ড. শাহ মো. আহসান হাবীব।
বিআইবিএমে আয়োজিত ‘ঝুঁকি ভিত্তিক অভ্যন্তরীণ নিরীক্ষা’ বিষয়ক প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করছেন নেপালের সরকারি-বেসরকারি ব্যাংকের ২৩ কর্মকর্তা। পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন ড. আহসান হাবীব। অনুষ্ঠানে বিএফআইএনের সমন্বয়কারী রুবি ভাটারাই এবং বিআইবিএম এর অপরাপর পরিচালক এবং কোর্স সমন্বয়কারীরা বক্তব্য রাখেন।
বিএফআইএনের সঙ্গে গত নভেম্বরে এক সমঝোতা স্মারক সইয়ের পরিপ্রেক্ষিতে বিআইবিএম এবং বিএফআইএন যৌথভাবে এ প্রশিক্ষণ কোর্স চালুর আয়োজন করেছে। আগামী ২৪ জানুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের অডিটোরিয়ামে প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। এদিন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) পরিদর্শন করবেন নেপালি ব্যাংকাররা।
ড. হাবীব আরও বলেন, ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় এবং কিছু কিছু স্পর্শকাতর বিষয় যেমন-ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা, আর্থিক খাতে অনিয়ম, মানি লন্ডারিং, বৈদেশিক বাণিজ্যে অর্থায়ন, ই-ব্যাংকিং এবং তথ্যপ্রযুক্তি সম্পর্কিত নিরাপত্তা এবং ক্ষুদ্র ও মাঝারি খাত ইত্যাদি প্রশিক্ষণের ক্ষেত্রে প্রাধান্য পেতে শুরু করেছে। বিআইবিএম অনলাইন এবং অন ক্যাম্পাস মডিউলের সমন্বয়ে সার্টিফিকেশন কোর্স চালু করেছে। এর ফলে ব্যাংক কর্মকর্তাদের মধ্যমেয়াদি প্রশিক্ষণ গ্রহণের পথ সুগম হচ্ছে।
বিআইবিএমের এ প্রশিক্ষণ কোর্সে নেপাল ব্যাংক লিমিটেডের তিনজন, এগ্রিকালচার ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের তিনজন, নেপালের প্রাইম কমার্সিয়াল ব্যাংক লিমিটেড, মাচাপুচরি ব্যাংক লিমিটেড, কুমারী ব্যাংক লিমিটেড, এনসিসি ব্যাংক লিমিটেডের চারজন এবং রাষ্ট্রীয় বাণিজ্য ব্যাংক লিমিটেডের দুইজন করে কর্মকর্তা এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করছেন। এতে অংশগ্রহণ করেছেন গ্লোবাল আইএমই ব্যাংক লিমিটেড, প্রভু ব্যাংক লিমিটেড, এনএমবি ব্যাংক লিমিটেড এবং বিএফআইএনের একজন করে প্রতিনিধি।
উল্লেখ্য, ২০১৫ সালে বিআইবিএম জার্মানির ফ্রাঙ্কফুর্ট স্কুল অব ফাইন্যান্স এন্ড ম্যানেজমেন্ট এর সাথে যৌথভাবে ‘সার্টিফায়েড এক্সপার্ট ইন রিস্ক ম্যানেজমেন্ট (সিইআরএম)’ কোর্স চালু করে। পরবর্তীতে বিআইবিএম সার্টিফিকেশন কোর্সের পরিসর বৃদ্ধি করে ঋণ ব্যবস্থাপনা এবং বৈদেশিক বাণিজ্য বিষয়ে ‘সার্টিফায়েড এক্সপার্ট ইন ক্রেডিট ম্যানেজমেন্ট (সিইসিএম) এবং ‘সার্টিফায়েড এক্সপার্ট ইন ট্রেড সার্ভিসেস (সিইটিএস)’ নামে দুটি সার্টিফিকেশন কোর্স চালু করেছে।