ইত্তেফাক রিপোর্ট
দুর্যোগ ব্যবস্থাপনা, সেতু নির্মাণ ও অন্যান্য খাতে ৭ কোটি ২৫ লাখ মার্কিন ডলার অনুদান দিচ্ছে চীন। যা বাংলাদেশের মুদ্রায় প্রায় ৬০৮ কোটি ৫০ লাখ টাকা। এ লক্ষ্যে সরকারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল রবিবার রাজধানীর শেরেবাংলা নগরের সিপিটিইউ সম্মেলন কক্ষে চুক্তিতে স্বাক্ষর করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মনোয়ার আহমেদ এবং চীনের রাষ্ট্রদূত জুয়াং ঝু। জুয়াং ঝু বলেন, চীন এদেশের অন্যতম উন্নয়ন অংশীদার হিসেবে সহযোগিতা অব্যাহত রাখবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, ইতিপূর্বে চীনা অনুদানে সমাপ্ত প্রকল্পগুলোর মধ্যে একটি আন্তর্জাতিক মানের সম্মেলন কেন্দ্র ও ৮টি বাংলাদেশ-চীন মৈত্রী সেতু, কৃষিক্ষেত্রে যন্ত্রপাতি ও হাইব্রিড রাইস টেকনোলজি সহায়তা, মেডিক্যাল ইক্যুইপমেন্ট, ড্রেজার এবং কাস্টমসের জন্য স্ক্যানার সরবরাহ করা হয়েছে। চীনা অনুদান সহায়তায় চলমান উল্লেখযোগ্য প্রকল্পগুলো হচ্ছে- পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার নির্মাণ, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে বার্ন ইউনিট নির্মাণ, ফায়ার সার্ভিসের জন্য মোটরসাইকেল সরবরাহ এবং ফ্লাড ম্যানেজমেন্ট প্ল্যানিং প্রকল্প উল্লেখযোগ্য। চুক্তি শেষে মনোয়ার আহমেদ বলেন, এরইমধ্যে চীনের সঙ্গে ২৭টি প্রকল্পের বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৫টি প্রকল্পে ঋণ চুক্তি হয়েছে। চলতি অর্থবছরে বিদ্যুতের আরও দুটি প্রকল্পে ঋণ চুক্তির কথা রয়েছে। সমঝোতা হওয়া প্রকল্পগুলোর দ্রুত ঋণ চুক্তি হওয়া প্রয়োজন। এজন্য তিনি রাষ্ট্রদূতের হস্তক্ষেপ কামনা করেন।