কারাগারে অগ্নিনির্বাপণ ব্যবস্থা কেমন জানতে চেয়েছে হাইকোর্ট

দেশের কারাগারগুলোতে অগ্নিনির্বাপণে কি কি ব্যবস্থা রয়েছে তা জানতে চেয়েছে হাইকোর্ট। আদেশপ্রাপ্তির এক মাসের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা অধিদপ্তরকে এই প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।

এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সোমবার এই আদেশ দেন।

এছাড়া কারাগারে যথাযথ অগ্নি নির্বাপণ ব্যবস্থা না রাখা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

আরো পড়ুন : ৪ পরিবারকে ৩০ লাখ টাকা করে ক্ষতিপূরণের নির্দেশ

কারাগারে অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন বেসরকারি জাস্টিস ওয়াচ ফাউন্ডেশনের পক্ষে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন। রিটে বলা হয়, দেশে ১৩টি কেন্দ্রীয় কারাগার ও ৫৫টি জেলা কারাগার রয়েছে। এসব কারাগারে যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখার বিষয়টি সেভাবে আইনে নেই। আবেদনের পক্ষে ব্যারিস্টার কায়সার কামাল শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট এ আদেশ দেয়।

 

ইত্তেফাক/ইউবি