ব্যাংকিং খাতে উত্পাদনশীলতা উন্নয়ন কৌশল প্রয়োগের পরামর্শ

ইত্তেফাক রিপোর্ট

ব্যাংকিং খাতকে দেশের অর্থনীতির প্রাণশক্তি উল্লেখ করে ভারপ্রাপ্ত শিল্প সচিব মো. আবদুল হালিম বলেছেন, এখাতে দক্ষতা বাড়াতে উত্পাদনশীলতা উন্নয়নের বিভিন্ন কৌশল প্রয়োগে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, ব্যাংকিংখাত যত দক্ষ হবে, তহবিলের পরিচালন ব্যয় তত কমে আসবে। এর ফলে বিনিয়োগ বাড়বে এবং শিল্পখাত চাঙ্গা হবে।

ভারপ্রাপ্ত শিল্পসচিব গতকাল ব্যাংকিং খাতে উত্পাদনশীলতা উন্নয়ন কৌশল শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও) দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে। এনপিও পরিচালক এস.এম. আশরাফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব লুত্ফুন নাহার বেগম বিশেষ অতিথির বক্তব্য রাখেন। 

শিল্প সচিব বলেন, শিল্পখাতে পুঁজি প্রবাহ বাড়াতে ব্যাংকিংখাতে উত্পাদনশীলতা বৃদ্ধি করতে হবে। এজন্য ব্যাংকারদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন জরুরি বলে তিনি উল্লেখ করেন।