ব্রেক্সিট ইস্যুতে ব্রিটেনের ছয় মন্ত্রীর পদত্যাগ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ (ব্রেক্সিট) বিষয়ে চূড়ান্ত খসড়া চুক্তিতে তাঁর বিবেক সমর্থন দিচ্ছে না জানিয়ে পদত্যাগ করেছেন ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী ডমিনিক রাব। এর এক ঘণ্টা পরেই পদত্যাগ করেন পেনশনবিষয়ক মন্ত্রী এস্টার ম্যাকভি। একই পদ অনুসরণ করেন জুনিয়র নর্দার্ন আয়ারল্যান্ড বিষয়ক মন্ত্রী শাইলেশ ভারা, জুনিয়র ব্রেক্সিট মন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান এবং পার্লামেন্টারি সেক্রেটারি অ্যানি ম্যারি ট্রিভেলিয়ান ও রনিল জয়াবর্দেনা। ছয় মন্ত্রীর এই গণপদত্যাগের ঘটনায় টালমাটাল পরিস্থিতিতে পড়েছে থেরেসা মে’র সরকার। এমনকি তার বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তাবও উঠেছে। ফলে মে’র ক্ষমতায় থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী থেরেসা মে জানান, পাঁচ ঘণ্টার দীর্ঘ এক বৈঠকের পর ব্রেক্সিট বিষয়ে চূড়ান্ত খসড়া চুক্তিতে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ব্রিটিশ জনগণ ব্রেক্সিট কার্যকর চায় বলেও মন্তব্য করেন থেরেসা মে।

তবে জানা গেছে, ওই বৈঠকে উপস্থিত বেশ কয়েকজন মন্ত্রীর এই চুক্তিতে সায় ছিল না। তাঁরা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছিলেন।

জানা গেছে, মন্ত্রিসভায় অনুমোদনের পর এই চুক্তি কার্যকরের জন্য পার্লামেন্টের অনুমোদন পেতে হবে। এই খসড়া চুক্তিতে ইইউয়ের সদস্য দেশগুলোর অনুমোদনের জন্য ২৮ নভেম্বর বিশেষ সম্মেলন আয়োজনের কথা রয়েছে। সেখানে অনুমোদন পেলে চুক্তিতে স্বাক্ষর করবে উভয় পক্ষ। উল্লেখ্য, গত জুলাইতে সাবেক গৃহায়ণ ও স্থানীয় সরকারবিষয়ক মন্ত্রী ডমিনিক রাবকে ব্রেক্সিট বিষয়ক মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। ডেভিড ডেভিসের পদত্যাগের পর এই দায়িত্ব পান ডমিনিক রাব।

বিশ্লেষকরা বলছেন, পদত্যাগের এ হিড়িকে টালমাটাল পরিস্থিতিতে পড়ল টেরেসা মে’র সরকার। কয়েক মাস ধরে আলোচনার পর যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কর্মকর্তারা বুধবার ব্রেক্সিট চুক্তির খসড়া নিয়ে একমত হন। এদিন দুপুরেই মন্ত্রিসভার বিশেষ বৈঠকে খসড়া নথিটির বিষয়ে মন্ত্রীদের সমর্থন চাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। অথচ চুক্তিটির ব্যাপক বিরোধিতা হয়েছে এদিনই। মন্ত্রিসভায় ৫ ঘণ্টার উত্তপ্ত অধিবেশনে সিনিয়র বেশ কয়েকজন মন্ত্রী মে’র ব্রেক্সিট চুক্তি নিয়ে আপত্তি তোলেন। মন্ত্রী এস্টার ম্যাকভে আপত্তি জানিয়ে বলেন, চুক্তিটিতে তহবিল, আইন, সীমান্ত এবং বাণিজ্য নীতির ওপর যথেষ্ট নিয়ন্ত্রণের অভাব আছে।