একবছরের নিষেধাজ্ঞার শাস্তি শুনেছিলেন বল টেম্পারিং কেলেঙ্কারিতে অজি শিবিরের অন্যতম সেরা ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। সেই ঘটনায় হারিয়েছেন অস্ট্রেলিয়া দলের অধিনায়কত্ব। দক্ষিণ আফ্রিকায় সেই বল টেম্পারিংয়ে সরাসরি জড়িত না থাকলেও কম সমালোচনা শুনতে হয়নি তাকে। এবার জন্ম দিলেন আরও এক নতুন বিতর্কের। সিডনি টেস্টের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর আবারও ‘প্রতারক' শব্দটি সেঁটে যাচ্ছে তার নামের পাশে।
গতকাল সোমবার (১১ জানুয়ারি) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে সত্যিকারের টেস্ট মেজাজে ব্যাটিং করে ভারতকে জয়ের সমান ড্র এনে দিয়েছেন হানুমা বিহারি ও রবিচন্দ্রন অশ্বিন। তবে একটা সময় কাউন্টার অ্যাটাকে গিয়ে অস্ট্রেলিয়ান বোলারদের শাসন করে জয়ের সম্ভাবনাও তৈরি করেছিলেন উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ। ১১৮ বলে করেন ৯৭ রান। ভারতের এই ব্যাটসম্যানের ব্যাটিং গার্ডের ওপর জুতা দিয়ে স্মিথের ঘষাঘষি করা নিয়েই যত বিতর্ক।
ড্র হওয়া এই টেস্টের পঞ্চম দিনের পানিপানের বিরতির সময় স্টাম্প ক্যামেরায় ধরা পড়েছে সেই দৃশ্যটি। সেখানে দেখা গেছে ৪৯ নম্বর জার্সি পরা (স্মিথের জার্সি নম্বর) খেলোয়াড় ক্রিজের ওপর এসে জুতা দিয়ে পিচের ওপর ঘষে কী যেন একটা করার চেষ্টা করছেন। বিষয়টি পরিষ্কার না হলেও অনেকেই ধারণা করছেন, ব্যাটিং প্রান্তে থাকা পন্থের ব্যাটিং গার্ড মুছে ফেলতেই এমন করেছেন স্মিথ।
মুহূর্তে সেই ভিডিওটি ভাইরাল হওয়ার পর সমালোচনার মুখে পড়েছেন এই অজি ব্যাটসম্যান। ভারতীয় সমর্থকরা ধুয়ে দিচ্ছেন স্মিথকে। এমনকি সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দর শেবাগও একহাত নিয়েছেন তাকে। টুইটারে তিনি লিখেছেন, সব ধরনের চেষ্টা চলেছে, যার মধ্যে রয়েছে স্মিথের ক্রিজের ওপর থেকে পান্তের ব্যাটিং গার্ড মুছে ফেলার চেষ্টাও। কিন্তু কোনও কাজে আসলো না।
Tried all tricks including Steve Smith trying to remove Pant's batting guard marks from the crease. Par kuch kaam na aaya. Khaaya peeya kuch nahi, glass toda barana.
— Virender Sehwag (@virendersehwag) January 11, 2021
But I am so so proud of the effort of the Indian team today. Seena chonda ho gaya yaar. pic.twitter.com/IfttxRXHeM
ইত্তেফাক/টিআর