বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা
উপজেলার সুখদাড়া গ্রাম থেকে গ্রেফতার দু’যুবককে পরিকল্পিতভাবে হত্যা মামলায় জড়িয়ে নির্যাতনের অভিযোগে বটিয়াঘাটা থানার ওসি মাহাবুবুর রহমানকে বদলি করা হয়েছে। তিনি কুষ্টিয়া জেলা পুলিশ লাইনে গত শনিবার যোগদান করেন। গত ২০ সেপ্টেম্বর-১৮ গঙ্গারামপুর ইউনিয়নের আন্ধারিয়া বিলে একটি চিংড়ি মাছের ঘের থেকে অজ্ঞাতনামা মহিলার (২৪) লাশ উদ্ধার করা হয়। ওই সময় সন্দিগ্ধভাবে সুখদাড়া গ্রামের উত্তম কুমার মণ্ডল (২৩) ও আনন্দ সরকার (২২) নামে দু’যুবককে পুলিশ গ্রেফতার করে। পরে গত ৯ জানুয়ারি ময়না তদন্তে হত্যা প্রমাণিত হওয়ায় নিয়মিত মামলা রেকর্ড হয়। স্বজনদের অভিযোগ- পুলিশ মামলা রেকর্ডের পর উত্তম ও আনন্দকে রিমান্ডে নিয়ে অমানুষিক নির্যাতন এবং মোটা অঙ্কের অর্থ দাবি করে। বিষয়টি নিয়ে গ্রামের শতাধিক মানুষ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করায় ওসি মাহাবুবুর রহমানকে বদলি করা হয়। এ নিয়ে পুলিশি নির্যাতনের বিরুদ্ধে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।