ফুলবাড়ীয়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা

ফুলবাড়ীয়া উপজেলার বালিয়ানে ব্যবসায়িক টাকা-পয়সা নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাই আবুল খায়েরের হাতে বড় ভাই গোলাম রব্বানী (২২) নিহত হয়েছে। গত শনিবার রাতে আহত বড় ভাইকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

পুলিশ ও এলাকাবাসী জানান, ব্যবসায়িক টাকা নিয়ে আঃ কাদেরের দুই পুত্র গোলাম রব্বানী ও আবুল খায়েরের মধ্যে বিরোধ চলে আসছিল। শনিবার দুপুর ১২টার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই আবুল খায়ের বড় ভাই গোলাম রব্বানী পাওয়ার টিলার স্টার্ট দেয়ার হ্যান্ডেল দিয়ে মাথায় আঘাত করে। আহত বড় ভাইকে প্রথমে ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। কিন্তু আহত বড় ভাইকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি না করে বাড়িতে নিয়ে যায়। রাত ৯টার দিকে আহত বড় ভাই গোলাম রব্বানীর অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ শেখ কবিরুল ইসলাম জানান, আমি ঘটনাস্থলে আছি। পরে বিস্তারিত জানা যাবে।