সংবাদ সংক্ষেপ

কাঠালিয়ায় শীতবস্ত্র বিতরণ

কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা কাঠালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে পাটিখালঘাটা ইউনিয়নের পশ্চিম দত্তেরপশুরীবুনিয়া এলাকার ৫০ জন দুস্থদের মাঝে গত শনিবার কম্বল বিতরণ করা হয়। পশ্চিম পশুরীবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শিশির দাস, উপজেলা সুজনের সভাপতি অধ্যাপক মো. আবদুল হালিম, স্থানীয় ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চাঁপাইনবাবগঞ্জে মুক্তিযোদ্ধাদের

মাঝে কম্বল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জে গতকাল রবিবার মুক্তিযোদ্ধাদের মাঝে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কম্বল বিতরণ করা হয়। এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহমান, মুক্তিযোদ্ধা লাল মহাম্মদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খাঁ।

নরসিংদীতে শীতবস্ত্র ও বয়স্ক ভাতা বিতরণ

ঢাকা আহ্ছানিয়া মিশনের ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি) ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আয়োজনে গতকাল দুস্থ ও অসচ্ছল প্রবীণদের মাঝে শীতবস্ত্র ও বয়স্ক ভাতা বিতরণ অনুষ্ঠান নরসিংদীর মনোহরদী উপজেলার শুকুন্দি ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। শুকুন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছাদিকুর রহমান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসসাদিকজামান, বিশেষ অতিথি ছিলেন ডাম ফাউন্ডেশনের সমৃদ্ধি ও প্রবীণ কর্মসূচির ফোকাল পার্সন মো. রেজাউল ইসলাম ও জোনাল ম্যানেজার, ডিএফইডি মুহাম্মদ খায়রুল ইসলাম প্রমুখ। -সংবাদ বিজ্ঞপ্তি

 

 

০