দ্বিতীয় বিভাগ ক্রিকেট
স্পোর্টস রিপোর্টার
পক্ষপাতমূলক আম্পায়ারিংয়ের প্রতিবাদে ঢাকা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে গতকাল খেলার মাঝপথে মাঠ ত্যাগ করেছে ধানমন্ডি প্রগতি সংঘ। বিকেএসপির তিন নম্বর মাঠে আজিম ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে ধানমন্ডি প্রগতির ম্যাচটি অমীমাংসিতই রয়ে গেছে। আগে ব্যাট করে আজিম ক্রিকেট ক্লাব ৯ উইকেটে ২০৬ রান তোলে। জবাবে ৯ ওভারে চার উইকেটে ৩০ রান করেই মাঠ ত্যাগ করেছে ধানমন্ডি প্রগতি।
টানা তিনটি এলবিডব্লিউয়ের সিদ্ধান্তের প্রতিবাদে মাঠ ছাড়ে ক্লাবটি। রান তাড়া করতে নেমে ওপেনার শাহজাহানের উইকেট হারায় তারা দলীয় ১ রানে। পরে ২ রানে শহীদুল আলম (০), ১২ রানে জাহিদুল ইসলাম মেহেদী (৫) এলবির ফাঁদে পড়েন মাইদুল ইসলাম রানার বলে। পরে ৩০ রানের মাথায় হাবিবুল হোসেনের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেন আসাদুর রহমান (১৩)। তারপর আর না খেলেই মাঠ ছেড়ে আসে ধানমন্ডি প্রগতি সংঘ। ম্যাচে আম্পায়ার ছিলেন সাইদুর রহমান ও শাহ আলম।
গতকাল দলের ম্যানেজার রিয়াজ উদ্দিন আহমেদ রাজু সন্ধ্যায় জানালেন, ‘আমাদের সভাপতি (বিসিবি) ঘোষণা দিয়েছিলেন, আম্পায়ারিংয়ের ব্যাপারে আগে যাই হয়েছে এখন থেকে জিরো টলারেন্স। আমরা তো এর প্রভাবটা দেখলাম। আমাদের তো একটা এলবি দেয়নি। আর ওখানে পায়ে লাগতেছে, কোমরে লাগতেছে এইগুলো এলবি দিয়ে দিচ্ছে। এগুলো খেলার তো কোনো মানেই হয় না।’
শেষ পর্যন্ত ম্যাচটির ভাগ্য কি হবে তা জানতে সিসিডিএমের ইনচার্জ তৌহিদ মাহমুদের সঙ্গে যোগাযোগ করলেও তিনি মুঠোফোনটি ধরেননি।