প্রথমে বিশ্বের অন্যান্য সকল বড় বড় লিগের কথা বলি। সেখানে নিজেদের দেশের প্লেয়ারদের যথেষ্ট ভূমিকা থাকে। সেখানেও বিদেশি প্লেয়ার থাকে কিন্তু আমাদের বিপিএলের মতো দু’জন ভালো বিদেশি প্লেয়ার থাকলেই যে সেই টিম সর্বসেরা হয়ে যাবে তা নয়। আমাদের বিপিএলে দেখা যায় যে দলে বিদেশি প্লেয়ার একটু দুর্বল সেই দল একদমই খারাপ অবস্থায় থাকে। কিন্তু এই লিগ হবার কথা নিজেদের খেলোয়াড়ের মানের উন্নতির প্লাটফর্ম এবং নতুন নতুন খেলোয়াড় খুঁজে বের করা। জাতীয় দলের প্লেয়ারদের ঝালিয়ে নেওয়া আর যারা আসতে ইচ্ছুক বা সম্ভাবনাময় তাদের পরীক্ষা করে নেওয়া। কিন্তু আমাদের বিপিএলে ব্যাটিং সহায়ক পিচ তৈরি না করায় বা বোলিং সহায়ক পিচ হওয়ায় ব্যাটসম্যানরা নিজেদের মেলে ধরতে পারে না। তাই দেখা যাচ্ছে এখন ব্যাটিং পারফর্মেন্সে এগিয়ে আছে বিদেশিরাই। তবে একটা বিষয় আশাব্যঞ্জক যে, বোলিং সাইডে আবার আমাদের ছেলেরা ভালো করছে। উইকেটের দিক থেকে আমাদের প্লেয়াররা এগিয়ে আছে। এখন কথা হচ্ছে আমি মোটেও বলছি না বিপিএলে আমাদের উন্নতি হচ্ছে না। এই বিপিএল আমাদের অনেক কিছুই দিয়েছে। আমরা অনেক ভালো ভালো প্লেয়ার পেয়েছি এই বিপিএল দিয়েই। কিন্তু এ বছর দেখা যাচ্ছে বোলিং সাইডে ভালো করলেও ব্যাটিং সাইডে ভালো করতে পারছে না আমাদের সিনিয়র প্লেয়াররা। সামনে অনেক গুরুত্বপূর্ণ খেলা আছে। নিজেদের ঝালিয়ে নেবার এটাই উত্তম সুযোগ। ব্যাটিং নিয়ে কাজ করা উচিত। যথাসম্ভব ব্যাটিং পিচ তৈরি করা উচিত। একটা কথা বলা আবশ্যক আমাদের কিছু জুনিয়র প্লেয়ারদের পারফর্মেন্স সবার নজর কেড়েছে। বিশেষ করে মেহেদি হাসান মিরাজ এবং নাইম ইসলাম। মিরাজের দুর্দান্ত পারফর্মেন্স আর সঙ্গে দারুণ ক্যাপ্টেন্সি রোমাঞ্চিত করেছে সবাইকে। অনেকে তো তাকে ভবিষ্যত্ অধিনায়কও দাবি করছে। যদিও এতটা আনন্দে ভাসা যাবে না, আরো দৃঢ়তা অর্জন করতে হবে। আর নাঈম ইসলামের কথাও না বললেই নয়। সে যেনো জাতীয় দলে নিজেদের অবস্থান পাক্কা হবারই জানান দিচ্ছেন। হতে পারেন মিরাজের ব্যাকআপ, এমনই আভাস দিলেন প্রধান নির্বাচক। এছাড়াও ভালো করছেন ইয়াসির আলী রাব্বি, শফিউল, লিটন দাস, মার্শাল আইউবসহ উঠতি অনেক ক্রিকেটার। তবে দুঃখ একটাই যে, আমাদের পরীক্ষিত যোদ্ধারা এখনো তেমনভাবে নিজেদের মেলে ধরতে পারেনি। কেউ কেউ অবশ্য কিছুটা ভালো খেলেছেন। তবে তা টপ পারফর্মেন্স নয় বলে আমরা খুশি হতে পারছি না। মাশরাফি উইকেট পাচ্ছেন প্রথম থেকেই, সাকিব বল ও ব্যাটে মোটামুটি খেলে যাচ্ছেন, তামিম ফর্মে ফিরেছেন। আর হয়তো তারা ভালো করবে এমনই আশা থাকবে পুরো বাংলাদেশের। বিপিএল হয়ে উঠবে প্লেয়ার তৈরি ও ঝালাইয়ের কারখানা।
n লেখক:শিক্ষার্থী, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়