বাকি না দেওয়ায় শিশুর মুখ ঝলসে দিল সন্ত্রাসীরা

নগরীর জিলা স্কুলের সামনে মামার চা-সিগারেটের দোকানে বাকি না দেওয়ায় ভাগ্নে জুবায়ের (১২) এর মুখমণ্ডল ঝলসে দিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় জুবায়েরের পিতা আবু সালেহ জোমাদ্দার কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানা গেছে, জিলা স্কুলের সামনে মামার চা-সিগারেটের দোকানে সহযোগিতা করে আসছিল শিশু জুবায়ের। গত ১৮ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মামা আলমগীর হোসেন ভাগ্নেকে দোকানে রেখে বাসায় যায়। এসময় ব্রাউন কম্পাউন্ড রোডের সন্ত্রাসী রিফাত, তাজিন, আদিসহ ৫/৬ জন বাকিতে সিগারেট চাইলে শিশু জোবায়ের মামা আসলে নেওয়ার কথা বললে তারা ক্ষিপ্ত হয়ে উঠে। এক পর্যায়ে ৪/৫ জন মিলে মারধর শুরু করলে জুবায়ের ডাক চিত্কার দেয়। এসময় দোকানের চায়ের কেতলির গরম পানি ছুঁড়ে মারে। তাত্ক্ষণিক তাকে শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।