শাটডাউন কাটাতে সমঝোতার প্রস্তাব ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারের কার্যক্রমে অচলাবস্থা বা আংশিক শাটডাউন থেকে বেরিয়ে আসতে শেষ পর্যন্ত আপোষ করার প্রস্তাব দিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির সাথে আপোষের কথা বলেছেন। তবে প্রেসিডেন্টের দেওয়া প্রস্তাব প্রত্যাখান করেছেন বিরোধী ডেমোক্র্যাটরা। খবর বিবিসির

হোয়াইট হাউস থেকে ট্রাম্প বলেছেন, প্রায় ১০ লাখ অভিবাসীকে বহিষ্কারের হুমকি তিনি প্রত্যাহার করে নেবেন। বৈধ কাগজপত্র ছাড়া যে তরুণরা রয়েছে, তারাও এর আওতায় পড়বে। তিনি আরো বলেছেন, মানবিক সাহায্যের জন্য ৮শ’ মিলিয়ন ডলার দেওয়া হবে। একইসাথে সীমান্তে নিরাপত্তা বাড়ানোর জন্য একই পরিমাণ অর্থ দেওয়া হবে। এই অর্থ সীমান্তে অতিরিক্ত ২ হাজার ৭৫০ জন নিরাপত্তা কর্মী নিয়োগে সহায়তা করবে। কিন্তু ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের অবস্থান থেকে সরে আসেননি। তিনি সেজন্য ৫৭০ মিলিয়ন ডলার যে চেয়েছিলেন, সমঝোতার প্রস্তাবেও তার সেই দাবি বহাল রয়েছে।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে আংশিক শাটডাউন চলছে। এর ফলে প্রায় ৮ লাখ ফেডারেল কর্মী ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রেসিডেন্ট নিজেই তার ভাষণের আগে প্রচার করেছেন, তিনি গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন। তিনি শুরু করেন, যুক্তরাষ্ট্রের বৈধ অভিবাসীদের স্বাগত জানানোর গর্বিত ইতিহাস আছে। কিন্তু অভিবাসন পদ্ধতি খুব খারাপভাবে ভেঙ্গে ফেলা হয়েছে দীর্ঘ সময় ধরে। ট্রাম্প আরো বলেছেন, নির্বাচনী প্রচারণায় তিনি অভিবাসন নীতি ঠিক করার অঙ্গীকার করেছিলেন। তার বক্তব্য, তিনি তার প্রস্তাবের মাধ্যমে কংগ্রেসকে শাটডাউন থেকে বেরিয়ে আসার একটা উপায় করে দিলেন।

ডেমোক্র্যাটদের প্রত্যাখান

প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেছে ডেমোক্র্যাটরা। প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি এক বিবৃতিতে বলেছেন, দুর্ভাগ্যজনক যে ট্রাম্পের প্রস্তাব যেগুলো অতীতে প্রত্যাখ্যাত হয়েছে, এখন সেগুলোই সংকলন করে তিনি আবার প্রস্তাব দিয়েছেন। তিনি আরো বলেছেন, এই প্রস্তাব অগ্রহণযোগ্য। এটি মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না বলে তারা মনে করেন।