দুই টেস্ট এবং তিন ওয়ানডে খেলতে অনভিজ্ঞ এক দল নিয়ে বাংলাদেশে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ। খাতা কলমে শক্তির দিক দিয়ে তারা স্বাগতিকদের থেকে পিছিয়ে, এতে কোনো সন্দেহ নেই। তাই শুরুতেই মনোবলে ভাটা পড়ছে ক্রেইগ ব্রাথওয়েট, জেসন মোহাম্মদদের। এবার উত্তরসূরীদের ভালো পারফরম্যান্সের জন্য একটি খোলা চিঠিতে পরামর্শ দিলেন কিংবদন্তি ক্রিকেটার স্যার ক্লাইভ লয়েড।
গত ১০ জানুয়ারি ঢাকায় পৌঁছেছে ক্যারিবীয়রা। করোনার অজুহাত এবং ব্যক্তিগত কারণ দাঁড় করিয়ে আসেননি জেসন হোল্ডার, কাইরন পোলার্ড, ড্যারেন ব্রাভো, শামার ব্রুকস, রোস্টন চেজ, শেলডন কটরেল, এভিন লুইস, শাই হোপ, শেমরন হেটমায়ার, নিকোলাস পুরান, ফাবিয়ান অ্যালেন, শেন ডাওরিচদের মতো ক্রিকেটাররা। এরপরও নতুনদের কাছ থেকেই ভালো ফল আশা করছেন লয়েড।
চিঠিতে লয়েড বলেন, আত্মবিশ্বাসই যেকোনো সাফল্যের প্রথম ধাপ। নিজের ভেতরে এই জিনিসটা থাকলে লক্ষ্যে পৌঁছানো খুব সহজ। খোলা চিঠির এক অংশে সাবেক এই ব্যাটসম্যান বলেন, আমার বিশ্বাস, তোমরা দ্রুত ওয়েস্ট ইন্ডিজ দলের প্রয়োজনীয় পুনর্গঠনের কাজ শুরু করতে পারবে। আমরা করতে পেরেছিলাম কারণ, নিজেদের ওপর বিশ্বাস ছিল আমাদের। তোমরাও পারবে। আত্মবিশ্বাসই সাফল্যের প্রথম ধাপ।
সেই সঙ্গে আসন্ন সিরিজে ইতিবাচক মানসিকতা রাখতে বলছেন লয়েড, তোমাদের একটা কথা মনে করিয়ে দিই, সাফল্যের চূড়ায় উঠতে হলে ইতিবাচক মানসিকতা থাকতে হবে। এই মনোভব নিয়ে অনেক কঠিন পরিস্থিতি পেরিয়ে যেতে পারে মানুষ। আমি নিশ্চিত, এই সফরে তোমরা তেমন কিছুর মুখোমুখি হবে।
করোনার কারণে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছে বাংলাদেশ। অবশেষে ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ দিয়ে পুনরায় লাল-সবুজের জার্সি গায়ে জড়াবেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মমিনুল হকরা। আগামী ২০ জানুয়ারি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম ওয়ানডে।
ইত্তেফাক/টিআর