কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কাজিয়াতলী এলাকার বাংলাদেশ ভারত সীমান্তের ২০২৯ নং পিলারের কাছ দিয়ে ৩১ জন রোহিঙ্গাকে বাংলাদেশে পুশব্যাক করার চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত তিনদিন ধরে সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছে ওই রোহিঙ্গা নাগরিকরা। এ নিয়ে গতকাল রবিবার বিজিবির অধিনায়ক পর্যায়ে দুই দফা বৈঠক হলেও তা ফলপ্রসূ হয়নি। এ ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টাকালে টহলরত বিজিবি বাধা দিলে রোহিঙ্গারা দুই দেশের শূন্যরেখায় খোলা আকাশের নিচে চলে যায়। এ ঘটনায় সতর্ক অবস্থানে আছে বিজিবি এবং গ্রামবাসী। কোনো ক্রমেই রোহিঙ্গারা যেন বাংলাদেশে প্রবেশ না করতে পারে সে জন্য বিজিবির পক্ষ থেকে সীমান্তে সতকর্তা এবং নজরদারি বাড়ানো হয়েছে। গতকালের পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিয়েছেন বিজিবি ২৫ ব্যাটালিয়ন অধিনায়ক গোলাম কবির এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফের ১২০ ব্যাটালিয়ন অধিনায়ক রবমেশ কুমার। বৈঠকের বিষয়ে বিজিবির পক্ষ থেকে কোনো মন্তব্য করতে চাননি গোলাম কবির। তবে তিনি বলেছেন, আলোচনা ফলপ্রসূ হয়নি। ভারতের পক্ষ থেকে ওই রোহিঙ্গাদের খাবার দেওয়া হচ্ছে। বিজিবি বলছে, এরা বাংলাদেশি নাগরিক নয় আর বিএসএফ বলছে, এরা ভারতের নাগরিক নয়। তবে বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, তারা যে দেশেরই হোকনা কেন কেউ বেআইনি অনুপ্রবেশ করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিন। বাংলাদেশে ঠেলে পাঠানো যুক্তিযুক্ত হতে পারে না।