এরশাদ সিঙ্গাপুর গেছেন জিএম কাদের দলের চেয়ারম্যানের দায়িত্বে

ইত্তেফাক রিপোর্ট

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও একাদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এইচএম এরশাদ উন্নত চিকিত্সার জন্য সিঙ্গাপুরে গেছেন। গতকাল রবিবার দুপুর ১২টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। এর আগে বারিধারার বাসা থেকে গাড়িতে করে বিমানবন্দরে যান তিনি। গাড়ি থেকে নেমে হুইল চেয়ারে করে বিমানের কাছে যান। জাপার প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার, এরশাদের ছোট ভাই হুসেইন মোর্শেদ ও মোর্শেদের স্ত্রী রুখসানা খান মোর্শেদ এরশাদের সঙ্গে সিঙ্গাপুরে গেছেন।

এরশাদ বেশ কিছুদিন ধরে রক্তে হিমোগ্লোবিন ও সোডিয়ামের স্বল্পতায় ভুগছেন, এরসঙ্গে যুক্ত হয়েছে যকৃতের ও হাঁটুর সমস্যা। এরশাদের ছোট ভাই জিএম কাদের জানান, এরশাদ সিঙ্গাপুরে পৌঁছে সরাসরি ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি হবেন। সেখানকার চিকিত্সা ও চিকিত্সকদের সিদ্ধান্তের ওপর তার দেশে ফেরার সময়সূচি নির্ভর করছে।

এরশাদ সিঙ্গাপুর যাওয়ায় তার অনুপস্থিতিতে গতকাল থেকে জাপার চেয়ারম্যানের দায়িত্ব পালন শুরু করেছেন জি এম কাদের। গত শুক্রবার এক চিঠিতে এরশাদ জানান, তার ‘অবর্তমানে’ বা চিকিত্সাধীন অবস্থায় বিদেশে থাকাকালে জাপার কো-চেয়ারম্যান জি এম কাদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। এর আগে গত ১ জানুয়ারি এক চিঠিতে এরশাদ ভবিষ্যতে তার ‘অবর্তমানে’ জাপার চেয়ারম্যান পদে ভাই জি এম কাদেরের নাম ঘোষণা করেছিলেন।

বিমানবন্দরে এরশাদকে বিদায় জানান জি এম কাদের, দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, গোলাম কিবরিয়া টিপু, মাসুদা এম রশীদ চৌধুরী, সালমা ইসলাম, সুনীল শুভ রায়, এস.এম ফয়সল চিশতী, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, রেজাউল ইসলাম ভুঁইয়া ও ফখর উজ জামান জাহাঙ্গীর, দলীয় চেয়ারম্যানের উপদেষ্টা নাজমা আখতার, ভাইস চেয়ারম্যান বাহাউদ্দিন আহমেদ বাবুল, নূরুল ইসলাম নূরু, রওশন আরা মান্নান, মাহজাবিন মোর্শেদ, যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি প্রমুখ