একেবারে নিখুঁত নির্বাচন বিশ্বের কোথাও হয় না ------ ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘একেবারে নিখুঁত’ নির্বাচন বিশ্বের কোথাও হয় না।’ গতকাল রবিবার দুপুরে রাজধানীর মহাখালীস্থ সেতুভবন মিলনায়তনে সেতু বিভাগ ও সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের শুক্রবার জাতিসংঘ সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশে নির্বাচন পারফেক্ট হয়নি। এর জবাবে ওবায়দুল কাদের আরো বলেন, ‘জাতিসংঘ বলছে নির্বাচনটা পারফেক্ট ছিল না, নিখুঁত ছিল না। আমি বলছি, নিখুঁতভাবে কোন দেশে নির্বাচন হয়েছে? কে বলতে পারবে আমার নির্বাচনটা একেবারে নিখুঁত।’

গুতেরেস বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে সব রাজনৈতিক পক্ষকে আলোচনা করে নিজেদের মধ্যকার বিরোধ অবসানের আহ্বান জানিয়েছেন। সংলাপের এই আহ্বানে সরকার কোনো উদ্যোগ নেবে কিনা একজন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘সব গণতান্ত্রিক দেশেই বিভিন্ন ইস্যুতে সংলাপ হয়। সংলাপ গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি অংশ। সংলাপ হতে পারে, এটা কন্টিনিউ করা উচিত। তবে এখন নির্বাচন নিয়ে সংলাপের কোনো আবশ্যকতা নেই। সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচন নিয়ে জাতিসংঘ সংলাপের          কথা বলেনি। তবে নির্বাচনের আগে সংলাপ হয়েছে, ভবিষ্যতে যখন প্রয়োজন হবে তখন দেখা যাবে।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আওয়ামী লীগের বিজয় সমাবেশ নিয়ে মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে দেশে বিদেশে অপপ্রয়াস চালিয়েছেন। কিন্তু তাতে তারা ব্যর্থ হয়েছেন। তিনি (ফখরুল) নির্বাচন নিয়ে যা বলছেন, তা পরাজিতের মুখে ব্যর্থতার প্রলাপ ছাড়া আর কিছুই নয়। ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন নিরপেক্ষ না হলে তিনি (ফখরুল) জিতলেন কিভাবে? তাকে আগে তার দল সামলাতে হবে, ঘরেই তো তিনি বিপদে রয়েছেন। সরকারকে তিনি বার বার আক্রমণ করছেন কেন? কারণ বিএনপি থেকে তাকে সরকারের দালাল বলা হচ্ছে।’ ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে ভরাডুবির পর দলের মধ্যেও প্রতিকূল অবস্থার মধ্যে পড়ে সরকারকে আক্রমণ করে বক্তব্য দিয়ে যাচ্ছেন বিএনপির মহাসচিব। মাঝে মাঝে আমাকেও। এই আক্রমণ কেন করছেন সেটা আমরা বুঝি। সরকারের দালাল অপবাদ থেকে মুক্তি পাওয়ার জন্য বেশি বেশি করে সরকারবিরোধী বক্তব্য উনি দেবেন, এটাই স্বাভাবিক।

ওবায়দুল কাদের মেগা প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মেগা প্রজেক্টগুলোকে যথাযথভাবে বাস্তবায়ন করা। এ ব্যাপারে কারো কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না। এ সময় তিনি পদ্মা সেতুসহ মন্ত্রণালয়ের মেগা প্রজেক্টগুলোর কাজের অগ্রগতির কথা তুলে ধরেন।

ওবায়দুল কাদের বলেন, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৬৩ ভাগ। এ মাসের শেষ সপ্তাহে জাজিরা প্রান্তে আরো একটি স্প্যান স্থাপন করা হবে। আর আগামী মাসের মাঝামাঝি সময়ে ট্যানেল বোরিং মেশিনের (টিএমবি) মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কর্ণফুলী টানেলের খনন কাজ শুরু করা হবে। খনন কাজের জন্য চীন থেকে সংগৃহীত ট্যানেল বোরিং মেশিনটির পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হয়েছে।