ওআইসি মহাসচিব ড. ইউসেফ বিন আহমাদ আল-ওসাইমীন গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য গতকাল রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। ওআইসি মহাসচিব আশাবাদ পুনর্ব্যক্ত করেন যে, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ শান্তি, উন্নয়ন ও অগ্রগতির পথে অগ্রযাত্রা অব্যাহত রাখবে।
ঢাকায় প্রাপ্ত এক বার্তায় বলা হয়, ওআইসি মহাসচিব গতকাল জেদ্দায় ওআইসি’র ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক বৈঠকে তার সূচনা বক্তব্যে এ অভিনন্দন জানান। চলতি বছরের শেষ দিকে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের ৪৬তম কাউন্সিলের (সিএফএম) প্রস্তুতির লক্ষ্যে এ বৈঠকের আয়োজন করা হয়। এ ছাড়া জেদ্দায় বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহিদুল হকের সঙ্গে সাক্ষাত্কালেও তিনি তার অভিনন্দন জানান।
পররাষ্ট্র সচিবের সঙ্গে ঘণ্টাব্যাপী আলোচনায় তারা ওআইসি’র অভিন্ন স্বার্থ এবং দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ বিষয়াদিতে আলোচনা করেন। এর আগে সকালে বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহিদুল হক জেদ্দায় ওআইসি সদর দফতরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের ৩ দিনব্যাপী সভা উদ্বোধন করেন। ৪৫তম সিএফএম-এর বিদায়ী চেয়ার হিসেবে বাংলাদেশ ২০০৮ সালে ঢাকায় শেষ অধিবেশনের আয়োজন করে।
পররাষ্ট্র সচিব শহিদুল হক মিয়ানমারে রোহিঙ্গাদের মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত নবগঠিত মন্ত্রী পর্যায়ের জবাবদিহিতা বিষয়ক এডহক কমিটির সদস্য রাষ্ট্রগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যায়ের একটি পর্যালোচনা সভায়ও অংশ নেন।