রূপগঞ্জে মাহিম (১৪) নামে অষ্টম শ্রেণির মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের দাবি পরকীয়া প্রেমের জেরে মাহিমকে পিটিয়ে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। গত শনিবার রাতে উপজেলার কাজিরবাগ এলাকায় এই ঘটনা ঘটে। পরিবারের অভিযোগের ভিক্তিতে পুলিশ হাবিবুর, শাহানাজ ও সাব্বির হোসেনকে আটক করে।
নিহতের বোন নাসিমা জানান, গত এক বছর আগে পার্শ্ববর্তী রাজমিস্ত্রী হাবিবুর রহমানের স্ত্রী শাহনাজের সঙ্গে মাহিমের বড় ভাই কামাল হোসেনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরিবারের দৈন্যতার কারণে শাহনাজ গোপনে পার্শ্ববর্তী আরেক যুবক সাব্বিরের সঙ্গে সম্পর্ক রাখে। এ ঘটনায় গত আট মাস আগে সাব্বির দলবল নিয়ে কামালের বাড়িতে হামলা চালায়। এরপর থেকে কামাল এলাকা ছেড়ে চলে যায়। কামালের সঙ্গে শাহনাজের যোগাযোগ করিয়ে দিত তার ছোট ভাই মাহিম। বিকালে মাহিম মোবাইল নিয়ে বের হলে সাব্বিরের সামনে পড়ে। পরে সন্দেহ হলে তাকে নানাভাবে চাপ প্রয়োগ করে। একপর্যায়ে বেধড়ক মারধর এবং মাহিমকে মেরে ফেলার হুমকি দেয়।
মাহিমের মা বেবী আক্তার বলেন, আমি রাতে কাজ থেকে ফিরে দেখি ঘরের দরজার বাইরে সিকল আটকানো ছিল। খুলে ভেতরে গিয়ে মাহিমের ঝুলন্ত লাশ দেখতে পাই। সাব্বির আমার ছেলেকে মেরে ফেলেছে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল হক বলেন, প্রাথমিক ধারণায় বুঝা যাচ্ছে এটা আত্মহত্যা। তবে পরিবারের দাবি হত্যা করা হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতেই তিনজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে এটা হত্যা না আত্মহত্যা।