মাত্র ২০ টাকার প্রলোভন দেখিয়ে শিশু তানজিলকে ডেকে নিয়ে বলাত্কারের পর হত্যা করেছে বাড়ির কেয়ারটেকার নাজমুল ইসলাম রাজু। গত শনিবার পুলিশের কাছে আসামি নাজমুল ইসলাম রাজু এ কথা স্বীকার করে। গতকাল রবিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ গণমাধ্যমে এ তথ্য জানান। স্বীকারেক্তিতে নাজমুল ইসলাম রাজু জানায়, গত ১৬ জানুয়ারি আসামি নাজমুল ইসলাম মাদকদ্রব্য সেবন করে। সন্ধ্যায় তানজিলকে বলাত্কারের উদ্দেশ্যে ২০ টাকার প্রলোভন দেখিয়ে আলমখানের স্টোর রুমে নিয়ে যায়। সেখানে সে তানজিলকে বলাত্কার শেষে আটকে রাখে। তানজিলের মা তাকে খোঁজ করে না পেয়ে ডাকাডাকি করতে থাকে। তানজিল তার মায়ের ডাকের সাড়া দিতে চাইলে আসামি নাজমুল ইসলাম রাজু তার নাক-মুখ চেপে ধরে। তারপরও তানজিল সাড়া দিতে চাইলে আসামি বলত্কারের ঘটনা ফাঁসের ভয়ে শ্বাসরোধ করে তানজিলকে হত্যা করে। পরে লাশটি উক্ত স্টোর রুমে থাকা কাথা দিয়ে পেঁচিয়ে মেঝেতে রাখে এবং তার উপর বড় ড্রাম দিয়ে ঢেকে দেয়। শেষে স্টোর রুমটি তালাবদ্ধ করে পালিয়ে যায় সে।