গাজীপুরে জাল সনদ প্রস্তুতকারী এক প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। আটককৃত মো: আবদুল আউয়াল পটুয়াখালি সদরের বজরুগালী শিকদারের ছেলে। রবিবার গাজীপুর জেলা সমবায় কার্যালয় থেকে তাকে আটক করা হয়। জেলা সমবায় অফিসার মো: আবুল খায়ের হিরো বলেন, কিছুদিন আগে আমরা এক মুক্তিযোদ্ধার অভিযোগের ভিত্তিতে জানতে পারি সদর উপজেলার “হোতাপাড়া দক্ষিণ ভূমিহীন সমবায় সমিতি লি:” নামে একটি সমিতি ভুয়া সনদের মাধ্যমে সরকারের জমি লীজসহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করে আসছে। এর পরিপ্রেক্ষিতে সমবায় অফিসের মাধ্যমে আমরা গোপনে খোঁজ-খবর নিতে থাকি। পরে রবিবার সকালে ওই সমিতি নিবন্ধন সচলের জন্য জেলা সমবায় কার্যালয়ে আসেন আব্দুল আউয়াল। সে জাল সনদের ফটোকপি দেখায় এবং নিজেকে সাংবাদিক ও মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে উদ্ধত্তপূর্ণ আচরণ ও ক্ষমতার হুমকি প্রদর্শন করে। পরে তাকে আটক করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায় সোপর্দ করা হয়। তিনি আরো জানান, সমবায় আইন ২০০১, (সংশোধিত ২০০২ ও ২০১৩) এর ৯(১) ধারা অনুযায়ী নিবন্ধন ব্যতিত সমবায় শব্দ ব্যবহার নিষিদ্ধ। কোনো ব্যক্তি এই ধারার বিধান লঙ্গন করলে একই আইনের ৯(৪) ধারা অনুযায়ী সাত বছরের কারাদণ্ড অথবা দশ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হবে।