সেনা ও নৌ বাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণাকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে র্যাব-২। তারা হলেন- সৈয়দ আবু জাফর (৬১) ও তার স্ত্রী শিল্পী আক্তার (২৯)। এই প্রতারকদের মধ্যে আবু জাফর নিজেকে ভুয়া মেজর হিসেবে পরিচয় দিতেন। শনিবার রাজধানীর আদাবর এলাকা থেকে তাদের আটক করা হয় বলে গতকাল রবিবার র্যাব সূত্র জানিয়েছে। গ্রেফতারকালে তাদের কাছ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর র্যাংক ব্যাজ পরিহিত পোশাকের ২০ কপি ছবি, ১৫ কপি ল্যাব এইড হাসপাতালের পরীক্ষা-নিরীক্ষার কাগজপত্রাদি, নৌ বাহিনীতে ভুয়া নিয়োগপত্র, মেজর পরিচয়ধারী ডিস বিল ও ৫ জন প্রার্থীর কাগজপত্রাদি উদ্ধার হয়।
র্যাব-২ জানায়, বেশ কিছু জায়গা থেকে এ ধরনের প্রতারণার কিছু তথ্য আসার পর র্যাব-২ এর একটি দল বিষয়টি নিয়ে মাঠ পর্যায়ে কাজ শুরু করে। এরই প্রেক্ষিতে গত শনিবার আদাবরের বাইতুল আমান হাউজিং সোসাইটির ১ নম্বর রোডের ২৭৩/২৭৪ নম্বর বাড়ি (জারা টাওয়ার) এর সামনে থেকে ভুয়া মেজর পরিচয় দানকারী চক্রের অন্যতম হোতা আবু জাফরকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যে চক্রের অপর সদস্য শিল্পীকে আটক করা হয়। তবে অভিযানকালে মো. আতাউর রহমান খানসহ চক্রের আরো ৩/৪ জন পালিয়ে যায়।