বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস এপ্রিলে

স্পোর্টস রিপোর্টার

প্রায় সাড়ে ৮ হাজার ক্রীড়াবিদের মিলনমেলা বসবে এবারের বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে। মুজিববর্ষ উপলক্ষ্যে আগামী ১-১০ এপ্রিল বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশের অলিম্পিক’ খ্যাত বৃহত্ এই ক্রীড়া আসর। তবে আসরে ডিসিপ্লি­ন কমানো না হলেও ক্রীড়াবিদদের সংখ্যা কমছে। আগে ১০ হাজার ক্রীড়াবিদের বদলে অংশ নিবেন সাড়ে ৮ হাজার ক্রীড়াবিদ।

গতকাল কুর্মিটোলায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেন, ‘ভ্যাকসিন এলে করোনা পরিস্থিতির উন্নতি ঘটবে। সামগ্রিক দিক বিবেচনা করে আমরা গত বছরের দিনক্ষণ ১-১০ এপ্রিলই রেখেছি।’

গেমস হলেও করোনার জন্য খেলোয়াড় সংখ্যা কমবে বলে জানালেন বিওএ মহাসচিব, ‘আমরা ডিসিপ্লি­ন সংখ্যা আগেরটা রেখে খেলোয়াড় সংখ্যা কিছুটা কমাতে চাইছি। কারণ ডিসিপ্লিন কমালে অনেক ক্রীড়াবিদ অংশ নিতে পারবে না।’ গত বছর ১-১০ এপ্রিল বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস হওয়ার কথা ছিল। করোনা ভাইরাসের জন্য গেমস অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। পরিস্থিতি বিবেচনা করে ঠিক এক বছর পর আয়োজিত হচ্ছে এই গেমস।