অর্থ আত্মসাতের মামলায় সাবেক ফুটবলার কায়সার হামিদ গ্রেফতার

মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক ফুটবলার কায়সার হামিদকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল রবিবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি হোটেল থেকে কায়সার হামিদকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাতে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার শারমিন জাহান তার গ্রেফতারের কথা ইত্তেফাককে নিশ্চিত করেছেন।

সিআইডি সূত্রে জানা গেছে, ‘নিউ ওয়ে সোসাইটি লিমিটেড নামে একটি এমএলএম কোম্পানি ছিল কায়সার হামিদের। এমএলএম কোম্পানিটি বেশ কয়েক বছর আগেই বন্ধ হয়ে গেছে। চালু থাকাকালে ওই কোম্পানিতে অনেকে টাকা জমা দিয়েছিলেন। অনেকেই তাদের টাকা আর ফেরত পাননি। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ২০১৪ সালে বনানী থানায় একটি মামলা করেন। মামলাটি সিআইডি তদন্ত করছে। এ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, জাতীয় ফুটবল দলের এক সময়ের অধিনায়ক কায়সার হামিদ বাংলাদেশে ফুটবল ইতিহাসে অন্যতম সেরা ডিফেন্ডার। কায়সার হামিদের মা রানী হামিদ বাংলাদেশের সেরা দাবাড়ুদের একজন। তার বাবা প্রয়াত সেনা কর্মকর্তা আবদুল হামিদও ক্রীড়া সংগঠক হিসেবে পরিচিত ছিলেন। কায়সার হামিদ ’৯০-এর দশকের শুরুতে ফুটবল থেকে বিদায় নিয়ে রাজনীতি করার জন্য জাকের পার্টিতে যোগ দেন। এই দলটির হয়ে সংসদ নির্বাচনে গোলাপ ফুল প্রতীকের প্রার্থীও হয়েছিলেন তিনি।