দুর্ঘটনার ৪৮ ঘন্টার মধ্যে সিট বেল্ট না বেঁধে গাড়ি চালানোয় ব্রিটেনের প্রিন্স এবং ডিউক অব এডিনবরা ফিলিপকে সতর্ক করেছে পুলিশ। তবে তার সঙ্গে ভাল ব্যবহার করেই পরামর্শ দেওয়া হয়েছে বলে পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার দুর্ঘটনার কবলে পড়েছিলেন প্রিন্স ফিলিপ। ওই দুর্ঘটনায় আহত এক নারী জানিয়েছেন, দুর্ঘটনার জন্য রাজপ্রাসাদের পক্ষ থেকে সমবেদনা তো দূরের কথা দু:খ পর্যন্ত প্রকাশ করা হয়নি। যদিও রাজপ্রাসাদের এক মুখপাত্র জানিয়েছেন, সমবেদনা জানানো হয়েছে। খবর বিবিসি’র
বৃহস্পতিবার দুর্ঘটনার পর শনিবার ডেইলি মেইল এবং দ্য সান এ প্রকাশিত ছবিতে দেখা যায়, রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ (৯৭) সিট বেল্ট না বেঁধেই গাড়ি চালাচ্ছেন। নরফোক পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, তারা এই ছবি সম্পর্কে ওয়াকিবহাল এবং গাড়ির চালককে সতর্ক করা হয়েছে। পুলিশ তার নিয়মমতোই কাজ করেছে। বৃহস্পতিবারের দুর্ঘটনায় আহত হয়েছিলেন এমা ফেয়ারওয়েদার নামের এক নারী। তিনি সানডে মিররকে এক সাক্ষাত্কারে জানিয়েছেন, আমি ভাগ্যক্রমে বেঁচে গেছি। অথচ তিনি (প্রিন্স ফিলিপ) একবারের জন্য দু:খও প্রকাশ করেননি। রাজপ্রাসাদের কাছ থেকে আমরা ভাল কিছু প্রত্যাশা করি। তবে তিনি একজন পুলিশের কাছ থেকে ফোন পেয়েছিলেন যিনি রাজপ্রাসাদের সঙ্গে যুক্ত। ওই পুলিশ সদস্য ফোন করে বলেছিলেন রানি এবং ডিউক অব এডিনবরা আপনাকে স্মরণ করছেন। এটাতো ক্ষমা চাওয়া নয়, এমনকি মঙ্গল কামনাও নয়। শনিবার বাকিংহাম প্যালেস জানায়, চালক এবং যাত্রীদের পরিপূর্ণ বার্তাই দেওয়া হয়েছে। সিট বেল্ট না বেঁধে গাড়ি চালালে ১০০ পাউন্ড জরিমানা করার নিয়ম রয়েছে ব্রিটেনে। আদালতে গেলে সেটি ৫০০ পাউন্ডে পৌঁছে যায়।