বাগেরহাটে ধানক্ষেত থেকে শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার

বাগেরহাটের মোরেলগঞ্জে ধানক্ষেত থেকে কাবুল মোল্লা (৪৫) নামে এক স’মিল শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের আলতু বুরুজবাড়ি গ্রামের রাস্তার পাশে একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

 

লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত কাবুল মোল্লা আলতি বুরুজবাড়ি গ্রামের গাফফার মোল্লার ছেলে। তবে পুলিশ তাত্ক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি।

 

নিহত কাবুলের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি রবিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। রাতে অনেক খোঁজাখুজির পরও তার কোনো সন্ধান মেলেনি। সকালে স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

 

মোরেলগঞ্জ থানার ওসি কে এম আজিজুল ইসলাম জানান, তার পরিবারের সদস্যরা লাশ সনাক্ত করেছেন। হত্যার কারণ তাত্ক্ষণিকভাবে বলা যাচ্ছে না।

 

ইত্তেফাক/এএম