গাজীপুরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ২ জন নিহত

গাজীপুর মহানগরীর জাঝর এলাকায় একটি ড্রাম ট্রাক বিদ্যুত্স্পৃষ্ট হয়ে চালক ও হেলপার নিহত হয়েছেন। বুধবার রাতে এ ঘটনা ঘটে।  নিহতরা হলেন ড্রাম ট্রাক চালক ভোলার লালমোহন উপজেলার কালনা গ্রামের আবুল হাসেমের ছেলে রুবেল মিয়া (২৬) ও হেলপার একই গ্রামের নজির আহম্মেদ শরীফের ছেলে জাহাঙ্গীর আলম (৪৫)। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ওসি মোক্তার হোসেন জানান, ঢাকা বাইপাস সড়ক সংস্কারে দুই পাশে মাটির কাজ চলছিল। রাতে জাঝর এলাকায় ওই ড্রাম ট্রাক থেকে মাটি আনলোড করা হচ্ছিল। মাটি ঢালতে ড্রাম ট্রাকের বডি উঁচু করার সময় এটি বিদ্যুতের তারের সাথে লেগে যায়। এতে বিকট শব্দে ট্রাকে আগুন ধরে যায় এবং বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই চালক রুবেল ও হেলপার জাহাঙ্গীর মারা যান। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে।