জনগণের সেবক হয়ে বেঁচে থাকতে চাই —শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ.কে এম শামীম ওসমান বলেছেন, জনগণের শোষক নয়, সেবক হয়ে বেঁচে থাকতে চাই। সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে সব সময় পথ চলতে চাই। নির্বাচনকে সামনে রেখে কতিপয় প্রার্থী ভোটারদের টাকার বিনিময়ে প্রভাবিত করার চেষ্টা করবে। এ সকল ব্যক্তির কাছ থেকে সজাগ থাকার জন্য আহ্বান জানান তিনি।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সানারপাড় এলাকায় আওয়ামী লীগের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি দাবি করেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর গত পাঁচ বছরে প্রায় সাত হাজার চারশত কোটি টাকার উন্নয়ন কাজ করেছি। বিরোধীদলের এমপিরা গত পনের বছরে এর অর্ধেক কাজও করতে পারেননি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে ধাবিত হয়েছে। বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুল মতিন প্রধান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র মতিউর রহমান মতি, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩নং ওয়ার্ডের কাউন্সিলর ও ওই ওয়ার্ডের ছাত্রলীগের আহ্বায়ক শাহজালাল বাদল প্রমুখ।