কুমিল্লায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ১

কুমিল্লায় দুধ মেহার বিবি (৮০) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার সন্ধ্যায় দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়নের শাহারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিহতের ময়নাতদন্ত করা হয়। এ ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত দুধ মেহার বিবি ওই গ্রামের মৃত আলী আকবরের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুধ মেহার বিবির ভাগ্নি ও দেবিদ্বার উপজেলার নবীয়াবাদ গ্রামের মৃত আব্দুল আজিজ সরকারের মেয়ে রুবি আক্তারের বিয়ে হয়েছিল জেলার তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামে। পরবর্তীতে নানা কারণে তার স্বামীর সাথে সম্পর্ক ছিন্ন হয় তার। প্রায় ৪ বছর যাবৎ রুবি তার খালা দুধ মেহার বিবির সাথে থাকতো। বৃদ্ধা দুধ মেহার বিবির ২ মেয়ে ও এক ছেলের মধ্যে ছেলে ও এক মেয়ে ঢাকায় বসবাস করেন। দুধ মেহার বিবি ভাগ্নি রুবিকে নিয়ে নিজ বাড়িতে থাকতেন। রবিবার সন্ধ্যায় রুবি আক্তার দা দিয়ে কুপিয়ে তার খালা দুধ মেহার বিবিকে হত্যা করে। পরে স্থানীয়রা রুবিকে আটক করে পুলিশে খবর দেয়। এ ঘটনায় দুধ মেহার বিবির ছেলে মো. গিয়াস কামাল বাদী হয়ে রুবি আক্তারকে (৪০) আসামি করে দেবিদ্বার থানায় হত্যা মামলা দায়ের করেন।

আরো পড়ুন: অসুস্থ বাবাকে হাসপাতালে দেখতে গিয়ে ছেলের মৃত্যু

দুধ মেহার বিবির ছেলে মো. গিয়াস কামাল জানান, ‘আমার মায়ের সেবা করার জন্য স্বামী পরিত্যক্তা নিঃসন্তান খালাতো বোন রুবী প্রায় চার বছর ধরে আমাদের বাড়িতে থাকতো। রবিবার সন্ধ্যায় ঘরে একা পেয়ে ঘরের দরজা বন্ধ করে খাটের উপর আমার মাকে বটি-দা দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে।’

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল আনোয়ার জানান, ‘রুবি স্বামী পরিত্যক্তা এবং মানসিকভাবে ভারসাম্যহীন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রুবি জানিয়েছে- তাকে ওই পরিবারের লোকজন অবহেলা করতো, নিয়মিত খাওয়া-পড়ায় কার্পণ্য করতো। তাই সে বৃদ্ধাকে হত্যা করেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত বটি দা উদ্ধার করা হয়েছে।’

ইত্তেফাক/বিএএফ