ফখরুলকে ক্ষমা চাইতে ছাত্রলীগের আল্টিমেটাম

রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে গত বুধবার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে ছাত্রলীগ। তারা ৪৮ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহারের আল্টিমেটাম দিয়েছে। অন্যথায় তারা খালেদা জিয়ার গুলশান কার্যালয় ঘেরাও করবে। গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল পরবর্তী এক সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এ হুঁশিয়ারি দেন।

এরআগে ছাত্রলীগ বিএনপি-জামায়াতের নির্বাচন বানচালের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। রাব্বানী বলেন, মির্জা আব্বাসের নেতৃত্বে ছাত্রদলের ক্যাডাররা হামলা করেছে। তারা উল্টো এর দায় ছাত্রলীগের ওপর চাপাচ্ছে। মির্জা ফখরুল তাদের ‘হেলমেট বাহিনী’ বলে মিথ্যাচার করেছেন।  ছাত্রলীগের পক্ষ থেকে মির্জা ফখরুল, মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে মানহানির মামলা করা হবে। সমাবেশে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন প্রমুখ বক্তব্য রাখেন।