বিমা ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করে
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-প্রথমপত্র
হেমায়েত হোসেন, মাস্টার ট্রেইনার ও
সহকারী অধ্যাপক,
কোয়ালিটি এডুকেশন কলেজ, ঢাকা
অধ্যায়-ব্যবসায়ের আইনগত দিক
আফিফের বাবা বাসার পাশের মুদী দোকান থেকে একটি সাবান ক্রয় করে এনে আফিফের হাতে দিলেন। আফিফ সাবানের মোড়কের ওপর বিশেষভাবে অঙ্কিত ইংরেজি “U” বর্ণটি দেখেই বুঝতে পারলেন এটি ইউনিলিভারের পণ্য। ইউনিলিভার সরকারের সাথে একটি বিশেষ চুক্তি সম্পাদনের মাধ্যমে একচেটিয়াভাবে ব্যবসা করছে।
ক) মেধাসম্পদ দিবস কখন ? ১
খ) ব্যবসায়ের জন্য বিমা কী ধরনের ভূমিকা রাখে? ব্যাখ্যা করো। ২
গ) আফিফ সাবানের ওপর যে ইংরেজি “U” বর্ণটি দেখেছে সেটি দ্বারা কী বোঝানো হয়? ব্যাখ্যা করো। ৩
ঘ) ইউনিলিভারের একচেটিয়া ব্যবসায়ের পেছনে সরকারের সাথে সম্পাদিত চুক্তির ভূমিকা বিশ্লেষণ করো। ৪
সৃজনশীল-উত্তর
ক) ২৬ এপ্রিল মেধাসম্পদ দিবস।
খ) ব্যবসায়ের জন্য বিমা অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে। বিমা ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করে। তাই বিমা কেবল অভ্যন্তরীণ শিল্প বাণিজ্যের ক্ষেত্রে নয়। আমদানি-রপ্তানি বাণিজ্যের উন্নয়নেও সাহায্য করছে। উল্লেখ্য বিমা ব্যতীত বৈদেশিক বাণিজ্য মোটেই সম্ভব নয়। সুতরাং বিমা হচ্ছে শিল্প বাণিজ্যে সাহায্যকারী উপাদান।
গ) উদ্দীপকে আফিফ সাবানের ওপর যে ইংরেজি “U” বর্ণটি দেখেছে সেটি একটি ট্রেডমার্ক।
পণ্য প্রতীক বা ট্রেডমার্ক হলো এমন একটি চিহ্ন যার মাধ্যমে কোনো পণ্যকে অন্য কোনো কোম্পানির পণ্য হতে আলাদা বা স্বতন্ত্র বৈশিষ্ট্য দান করে। এর মাধ্যমে পণ্যকে ক্রেতার কাছে সহজেই পরিচিত করে তোলে। ইউনিলিভারের প্রতিটি মোড়কের ওপর “U” সংবলিত লেখা দ্বারা মূলত ইউনিলিভার কোম্পানির পণ্যের প্রতীক বা ট্রেড মার্ককেই বোঝানো হয়েছে। অর্থাত্ ইংরেজি “U” বর্ণটির মাধ্যমে শুধু ইউনিলিভার কোম্পানির পণ্যকেই বোঝাচ্ছে। অন্য কোনো কোম্পানি এটি ব্যবহার করতে পারে না। সুতরাং, সাবানের ওপর আফিফ যে “U” চিহ্ন দেখেছে সেটি ইউনিলিভার কোম্পানির ট্রেডমার্ক।
ঘ) উদ্দীপকে ইউনিলিভারের একচেটিয়া ব্যবসায়ের পেছনে সরকারের সাথে সম্পাদিত প্যাটেন্ট চুক্তির ভূমিকা অত্যন্ত তাত্পর্যপূর্ণ। ব্যবসায়ের বিভিন্ন প্রকার আইনগত দিকের মধ্যে একটি হলো প্যাটেন্ট। যেটি উদ্ভাবনকারী প্রতিষ্ঠানকে একচেটিয়া ব্যবসায় করার অধিকার প্রদান করে। উদ্দীপকে প্যাটেন্ট চুক্তির আওতায় ইউনিলিভার প্রতিষ্ঠিত তাদের উত্পাদিত পণ্যের জন্য একচেটিয়া মালিকানা প্রদান করা হয়েছে। এটি একটি পণ্য সুরক্ষা চুক্তি। সরকারের সাথে এ চুক্তি সম্পাদন করার ফলে ইউনিলিভারের পণ্য অন্য কোনো ব্যবসায়ী বা প্রতিযোগী প্রতিষ্ঠান বিধি লঙ্ঘন করে বাজারে বিক্রয় করতে পারবে না।
মূলত আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হওয়ার হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই ইউনিলিভার কর্তৃপক্ষ তাদের পণ্যের জন্য প্যাটেন্ট চুক্তি সম্পাদন করেছে এবং একচেটিয়া ব্যবসায় করতে সক্ষম হয়েছে। তাই বলা যায়, প্যাটেন্ট চুক্তির মাধ্যমে ইউনিলিভার “U” চিহ্ন সংবলিত পণ্য উত্পাদন ও বাজারজাত করার একচেটিয়া অধিকার লাভ করেছে।