মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের জয়লাভের পর থেকেই একের পর এক ভারতীয় বংশোদ্ভুতের নাম উঠে আসছে খবরের শিরোনামে। কারও নাম আসছে তাঁর মন্ত্রিসভায়, কারও বা তাঁর উপদেষ্টামণ্ডলীতে। সেই তালিকায় এবার যুক্ত হলো আরও এক ভারতীয় বংশোদ্ভূতের নাম। বিনয় রেড্ডি।
মার্কিন গণমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে প্রধান বিচারপতি জন রবার্টসের কাছে শপথ নেওয়ার পর জো বাইডেন প্রথম যে সরকারি ভাষণটি দেবেন সেটি বিনয়ের লেখা। ক্যাপিটলের ওয়েস্ট ফ্রন্টে যুক্তরাষ্ট্রে সময়ে বৃহস্পতিবার দুপুর ১২টায় তাঁর প্রথম সরকারি ভাষণ দেবেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট।
আরও পড়ুন: আমার মায়ের সঙ্গে দেখা করেননি মেলানিয়া, কোনো আপত্তি নেই আমাদের: বাইডেন কন্যা
প্রেসিডেন্ট বাইডেনের ২০ থেকে ৩০ মিনিটের সেই ভাষণের লেখক ভারতীয় বংশোদ্ভুত বিনয় রেড্ডির জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রের ওহায়োর ডেইটনে। এর আগে মার্কিন কোনও প্রেসিডেন্টের শপথ গ্রহণের পর দেওয়া ভাষণ লেখার সুযোগ পাননি আর কোনও ভারতীয় বংশোদ্ভূত। সেই নিরিখে ইতিহাস গড়বেন বিনয়।
২০১৩ থেকে ২০১৭ পর্যন্ত আমেরিকার ভাইস প্রেসিডেন্ট হিসাবে বাইডেনের দ্বিতীয় বারের মেয়াদে তাঁর মুখ্য ভাষণ লেখকের দায়িত্ব পালন করেছিলেন বিনয়ই।
বাইডেনের ঘনিষ্ঠ মহলের খবর, গত নভেম্বরে নির্বাচনের ফলাফলে এগিয়ে যাওয়ার পর থেকেই শপথগ্রহণের পর দেওয়া তাঁর প্রথম সরকারি ভাষণের খসড়া তৈরি করার প্রস্তুতি নিতে শুরু করেন। আর সেই দায়িত্ব দেওয়া হয় বিনয়কেই। বলে দেওয়া হয়, সেই ভাযণের সুরে যেন থাকে যুক্তরাষ্ট্রকে এক সূত্রে গাঁথার প্রয়াস। সেখানে যেন গুরুত্ব পায় আশাবাদ, কল্যাণমুখী চিন্তাভাবনা।
আরও পড়ুন: নিজ পরিবারের ১২৭ বছর পুরনো বাইবেলে হাত রেখে শপথ নেবেন বাইডেন
এবার হোয়াইট হাউসে যিনি নতুন প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি হচ্ছেন সেই জেন সাকি বলেছেন, ‘শপথগ্রহণের পর তাঁর প্রথম সরকারি ভাষণে গোটা যুক্তরাষ্ট্রকে এক সূত্রে গাঁথতে চান বাইডেন।’
ইত্তেফাক/টিআর