মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন জো বাইডেন। প্রথা ভেঙে আজ বুধবার এই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি একমাত্র প্রথা নয় যা ভাঙছে ট্রাম্প পরিবার। এমনটিই দাবি করেছেন বাইডেন কন্যা অ্যাশলে বাইডেন।
তিনি বলেন, ফার্স্ট লেডি হওয়ার আগে আমার মা জিল বাইডেন হোয়াইট হাউজে চায়ের দাওয়াতে গিয়েছিলেন। সেখানে প্রথা অনুযায়ী বর্তমান ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প মায়ের সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল। কিন্তু তা করেননি মেলানিয়া। আমার মনে হয়না তারা কোনো প্রথা মেনে চলছে, বিষয়টি দুঃখজনক। কিন্তু আমাদের কারও এতে আপত্তি নেই।
তবে ট্রাম্প পরিবারের আচরণে কোনো আপত্তি না থাকলেও দুই সপ্তাহ আগে ক্যাপিটল হিলের ঘটনায় দুঃখ পেয়েছেন বাইডেন কন্যা। তিনি বলেন, আমার বাবা দীর্ঘদিন সিনেটর হিসেবে সেখানে কাজ করেছেন। ছোটবেলা থেকেই আমি সেখানে যাতায়াত করেছি। অনেক স্মৃতি আছে আমার। যখন দেখলাম ট্রাম্প সমর্থদের কাণ্ড তখন বিশ্বাস করতে পারছিলাম না। এটি সত্যই ভয়াবহ ছিল।
জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর প্রশাসনিক কোনো পদে থাকছেন না উল্লেখ করে অ্যাশলে বলেন, আমি আমার এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে সামাজিক কার্যক্রমে মনোযোগ দেব। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনে এগিয়ে নেওয়াই হবে আমার মূল লক্ষ্য।
ইত্তেফাক/টিআর
