পিঠের সার্জারির জন্য এই মৌসুমে খেলা আপাতত স্থগিত রাখছেন টাইগার উডস। সম্প্রতি ক্যারিয়ারে পঞ্চমবারের মতো পিঠের চোটের জন্য ডাক্তারের ছুরির নিচে যেতে হয়েছে এই কিংবদন্তি গলফারকে।
১৫টি মেজর চ্যাম্পিয়নশিপ জেতা উডসকে শেষবারের মতো গলফ মাঠে দেখা গিয়েছিল গত ডিসেম্বরে, পিএনসি চ্যাম্পিয়নশিপে। এই টুর্নামেন্টে খেলার সময়ই পিঠে ‘অস্বস্তি’ অনুভব করেন তিনি। সেই অস্বস্তিই পরে গুরুতর রূপ ধারণ করায় ডাক্তারের ছুরির নিচে যেতে হয় তাকে।
উডসের দায়িত্বরত ডাক্তাররা বলেছেন, তার পিঠের সার্জারি সফল হয়েছে। তবে পরিপূর্ণভাবে সুস্থ হয়ে মাঠে ফিরতে এখনো কয়েক মাস সময় লাগবে এই ৪৫ বছর বয়সীর।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে উডস বলেছেন, ‘আমি ট্রেনিং শুরু করার চিন্তা করছি এবং আবার প্রতিদ্বন্দ্বিতামূলক ট্যুরে ফেরত আসার ব্যাপারে আমি দৃঢ়প্রতিজ্ঞ।’
আরও পড়ুন: চার বছরেই গলফার!
শেষবার উডসকে পিঠের চোটের জন্য ডাক্তারের ছুরির নিচে যেতে হয়েছিল ২০১৭ সালে। সেই চোট শেষে দারুণভাবে প্রত্যাবর্তন করেছিলেন উডস। জিতেছিলেন ২০১৮ সালের ট্যুর চ্যাম্পিয়নশিপ, ২০১৯ সালের মাস্টার্স টুর্নামেন্ট এবং ২০১৯ সালের জোজো চ্যাম্পিয়নশিপ। ৮২টি পিজিএ ট্যুর জিতে স্যাম স্নিডের সঙ্গে যৌথভাবে সর্বাধিক পিজিএ ট্যুর জয়ের রেকর্ড এখন উডসের। আরেকটি পিজিএ ট্যুর জিতলেই এককভাবে এ রেকর্ড নিজের করে নেবেন এই কিংবদন্তি। সূত্র: বিবিসি
ইত্তেফাক/এমআর