সাভারে একটি বাড়িতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দুই শিশুসহ একই পরিবারের চারজন অগ্নিদগ্ধ হয়েছেন। দগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে বক্তারপুরের দক্ষিণ কাঞ্চনপুর এলাকায় মুদি দোকানদার মাজহারুল ইসলামের বাড়িতে এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- মাজহারুল ইসলাম, স্ত্রী সুমি আক্তার, তার মেয়ে সুমাইয়া আক্তার ও ছুরাইয়া আক্তার।
দগ্ধ মাজহারুলের অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তার সত্ ভাইয়েরা বাড়িতে আগুন দিয়ে তাকেসহ তার পরিবারকে পুড়িয়ে হত্যার চেষ্টা চালিয়েছে। তিনি জানান, নিজ দোতলা বাড়িতে তার পরিবার নিয়ে ঘুমিয়ে ছিলেন তিনি। ভোরে দুর্বৃত্তরা দোতলা ভবনের একতলা রুমের জানালার গ্লাস ভেঙ্গে একটি কাপড়ের টুকরায় আগুন ধরিয়ে তার ঘরের ভিতরে ফেলে দেয়। এসময় পুরো ঘরে আগুন ধরে তার পরিবারের চারজনই দগ্ধ হন। তাদের চিত্কারে প্রতিবেশী ও এলাকাবাসী এসে আগুন নিভিয়ে তাদেরকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের অপারেশন থিয়েটারের ইনচার্জ নাছির উদ্দিন বলেন, মাজহারুল ইসলামের শরীরের ৩৫, সুমি আক্তারের ৩৫, সুমাইয়ার ১৫ এবং ছুরাইয়ার ২০ ভাগ পুড়ে গেছে। তাদের চিকিত্সা দেওয়া হচ্ছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, এটি দুর্ঘটনা নাকি দুর্বৃত্তদের উদ্দেশ্যমূলক কাজ তা তদন্ত করে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।