জামানত ছাড়াই তরুণ উদ্যোক্তাদের ঋণ দেবে বগুড়া চেম্বার অব কমার্স

বগুড়ার বেকার তরুণদের ‘উদ্যোক্তা’ হিসেবে গড়ে তুলতে জামানত ছাড়াই ঋণ দেয়ার পরিকল্পনা নিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিআই)। ১৮  থেকে ৩০ বছর বয়সী তরুণদেরই এ সুযোগ দিতে চায়  এ সংগঠনটি। চেম্বার কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী  শেখ হাসিনা আগামী পাঁচ বছরে  দেশের এক  কোটি  বেকার যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির  যে  ঘোষণা দিয়েছেন তা বাস্তবায়নের অংশ হিসেবেই বগুড়া চেম্বারের পক্ষ থেকে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা  নেওয়া হয়েছে। এজন্য উদ্যোক্তা হতে আগ্রহী বগুড়া  জেলার বাসিন্দা তরুণদেরকে আগামী ৩১ জানুয়ারির মধ্যে বগুড়া চেম্বারের  সভাপতি বরাবর আবেদন করতে বলা হয়েছে।

বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান মিলন জানান, সরকারি-বেসরকারি দপ্তরে চাকরি, শিল্প, কল-কারখানায় কর্মসংস্থানের সুযোগ এবং উদ্যোক্তা তৈরি—এই তিন ধরনের উদ্যোগের মাধ্যমে  বেকারত্ব  ঘোচানো সম্ভব। তবে একটি জেলায় সরকারি-বেসরকারি দপ্তরে বিপুল জনগোষ্ঠীকে  তো আর চাকরি দেওয়া সম্ভব নয়। তাছাড়া এ  জেলায়  ছোট-বড়  যেসব কল-কারখানা রয়েছে তাতেও সবাইকে যুক্ত করা যাবে না। তবে উদ্যোক্তা  তৈরির মাধ্যমে অনেকের কর্মসংস্থানের সুযোগ  দেওয়া সম্ভব। তিনি বলেন, আমরা সেই লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছি। এক্ষেত্রে বগুড়ার ব্যবসায়ী-শিল্পপতিরাও আমাদের তরুণদের জন্য বিনিয়োগ সুবিধা নিয়ে এগিয়ে আসতে পারেন। যার মাধ্যমে প্রধানমন্ত্রী ঘোষিত রূপকল্প তথা ভিশন-২০২১ বাস্তবায়নে কর্মসংস্থানের  যে বিষয়টি আছে  সেটি অনেকটাই নিরসনে সহায়ক হবে।

উদ্যোক্তাদের বাছাই প্রক্রিয়া সম্পর্কে ধারণা দিতে গিয়ে বিসিসিআই সভাপতি মাসুদুর রহমান মিলন জানান, আবেদন গ্রহণের পর প্রত্যেকের সাক্ষাত্কার  নেওয়া হবে।  সেখানেই জানার  চেষ্টা করা হবে  কে  কোন্ ধরনের উদ্যোগ নিতে চান। তিনি বলেন, যারা শূন্য  থেকে শুরু করতে চান আমরা তাদেরকেই অগ্রাধিকার  দেব। যেহেতু নতুন একজন উদ্যোক্তার পক্ষে কর পরিশোধ করা কষ্টকর হবে তাই আমরা ঋণ সীমা আপাতত ২ লাখ ৮০ হাজারেই সীমাবদ্ধ  রেখেছি।