শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের বাল্যবিবাহ রোধকল্পে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে এসব বাইসাইকেল বিতরণ করা হয়। এ উপলক্ষে শিবগঞ্জ পৌরসভার উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে পৌর মেয়র কারিবুল হক রাজিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আবদুল বাতেন, প্যানেল মেয়র আবদুস সালাম, কাউন্সিলর সাদিকুল ইসলাম, মাইনুল ইসলাম, কাজিউজ্জামান বাবু, প্রধান শিক্ষক সিরাজউদ্দৌলাসহ অন্যরা। এর আগে পৌরসভার মিলনায়তনে এলজিএসপির আওতায় স্বাস্থ্য সম্মত চারশ সেট স্যানিটেশন, হতদরিদ্রদের মাঝে ৩৩টি নলকূপ, ৩০টি সেলাই মেশিন ও দুই হাজার ছাত্র-ছাত্রীর মাঝে মিড ডে মিলের টিফিন বক্স বিতরণ করা হয়।