বিনোদন রিপোর্ট
ঢাকাই চলচ্চিত্র চলতি সময়ে যে কয়জন নায়কের জনপ্রিয়তা রয়েছে তার মধ্যে অন্যতম চিত্রনায়ক আরিফিন শুভ। ২০১০ সালে ‘জাগো’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করলেও ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনি’ ও ‘ভালোবাসা জিন্দাবাদ’ ছবির মধ্য দিয়ে নিয়মিত সিনেমার পর্দায় দেখা মিলছে তার। তবে তার বেশিরভাগ ছবি ব্যবসার চেয়ে আলোচনার দিক থেকে এগিয়ে ছিল। যদিও ‘ঢাকা অ্যাটাক’ দিয়ে সেই হিসেবটাও ভেঙ্গেছেন এই নায়ক।
তবে ঠিক এর পরবর্তী বছর, অর্থ্যাত্ গতবছর তার দুটি ছবির মুক্তি পেলেও সেগুলো ব্যবসার মুখ দেখেনি। তাই গত বছর অনেকটা খরায় কেটেছে এই নায়কের। তবে চলতি বছরে হয়তো সেই খরা কাটতে যাচ্ছে। নতুন বছরের শুরুতেই এরইমধ্যে দুটি ছবি মুক্তির তালিকায় রয়েছে। এরমধ্যে ‘আহারে’ শিরোনামে ছবিটি মুক্তি পাচ্ছে ২২ ফেব্রুয়ারি। রঞ্জন ঘোষ পরিচালিত এই ছবিটির মধ্য দিয়ে কলকাতার একক প্রযোজনায় কাজ করলেন শুভ। যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। অন্যদিকে সম্প্রতি শেষ হওয়া ‘সাপলুডু’ ছবিটির কাজ শেষ করেছেন। পোস্ট প্রোডাকশনের কাজ চলছে ছবিটির। গোলমা সোহরাব দোদুল পরিচালিত এই ছবিটিও মুক্তি পাবে এই বছর।
বর্তমানে ‘জ্যাম’ শিরোনামে নতুন একটি ছবির শুটিং করছেন শুভ। এরপর ‘মিশন এক্সট্রিম’ ছবির শুটিং শুরু করবেন বলে জানা যায়। সবমিলিয়ে বেশ আলোচিত এক বছর যাবে শুভর এই বছরটা। এই শুধু ছবিগুলো মুক্তির অপেক্ষা।