g ইত্তেফাক রিপোর্ট
চীনা অর্থনীতির গতি গেল ১৯৯০ সালের পর সবচেয়ে ধীরগতি লক্ষ্য করা গেছে। সোমবার চীনা সরকারের প্রকাশিত তথ্যানুযায়ী ২০১৮ সালে দেশটির মোট দেশজ উত্পাদনে (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৬ শতাংশ। বিবিসির সংবাদ অনুযায়ী এর প্রভাব পুরো বিশ্বঅর্থনীতিতে পড়বে।
দেশটির পূর্বাভাস অনুযায়ী প্রবৃদ্ধি অর্জিত হলেও বিশ্বের দ্বিতীয় বৃহত্ অর্থনীতির জন্য এটি উদ্বেগের সংবাদ। এর প্রভাব বিশ্ব অর্থনীতিতে পড়বে। চীন-মার্কিন বাণিজ্য যুদ্ধের কারণেও প্রবৃদ্ধির গতি ধীর হয়েছে বলে বিশ্লেষকরা বলছেন। অবশ্য চীন গত কয়েক বছর ধরেই বলে আসছে, প্রবৃদ্ধির এই সংখ্যাগত অর্জনের চেয়ে মানের দিকেই তারা বেশি নজর দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, চীনের অর্থনীতির গতি শ্লথ হয়ে যাওয়া মানে বিশ্ব অর্থনীতির গতিও শ্লথ হয়ে যাওয়া। বিশ্বের এক-তৃতীয়াংশ প্রবৃদ্ধি আসছে চীন হতে। বাণিজ্য যুদ্ধের প্রভাবে চীনের কর্মসংস্থান, রপ্তানিসহ নিত্য পণ্যের ওপরও বিরূপ প্রভাব পড়ছে। চীন তাদের অর্থনীতিকে নতুন করে সাজাতে চাইছে। রপ্তানি নির্ভর অর্থনীতির চেয়ে দেশের অভ্যন্তরীণ ভোগ নির্ভরতার ওপর বেশি নজর দিচ্ছে দেশটি। নীতি নির্ধারকরা অর্থনীতি চাঙ্গা করতে নানা উদ্যোগ নিয়ে যাচ্ছেন। বিশেষ করে নির্মাণ খাতে খরচ কমিয়ে আনা, কিছু খাতে কর কমানোর মতো উদ্যোগ রয়েছে।