ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া বলেছেন, পল্টনে পুলিশের ওপর হামলা ও গাড়িতে অগ্নিসংযোগকারীদের পরিচয় পাওয়া গেছে। তারা সবাই বিএনপি এবং দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মী। পুলিশ মামলা নিয়েছে। ৬০ জনকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার ডিএমপি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, পুলিশকে উত্তেজিত করে একটি দুর্ঘটনা ঘটিয়ে নির্বাচনের পরিবেশ ভণ্ডুল করে ভীতিকর পরিবেশ তৈরি করতেই পুলিশের ওপর অতর্কিত হামলা করা হয়েছে। ঘটনা পর্যালোচনায় এটাই আমাদের বিশ্বাস এবং সেই ধরনের প্রমাণাদি আমাদের হাতে এসেছে।
ডিএমপি কমিশনার বলেন, যিনি গাড়িতে আগুন দিয়েছেন, গাড়িটির উপর দাঁড়িয়ে যারা তাণ্ডব চালিয়েছেন, বুকের কাপড় খুলে লাঠি দিয়ে যে তাণ্ডব নৃত্য তারা দেখিয়েছেন তাদের পরিষ্কার ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন সোর্সের মাধ্যমে তাদের অনেকের পরিচয় জেনেছি, শনাক্ত করেছি। তারা সকলেই বিএনপি এবং তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মী।
তিনি বলেন, বিভিন্ন মিডিয়ার ফুটেজে পরিষ্কারভাবে এসেছে পুলিশকে কীভাবে পেছন থেকে মারতে মারতে ধাওয়া করে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের অফিসারসহ ২৩ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছে যারা এখন হাসপাতালে চিকিত্সাধীন।
আছাদুজ্জামান মিয়া বলেন, লাঠি ও বাঁশ দিয়ে পুলিশকে পেটানো হয়েছে, তাদের ওপর ইটপাটকেল ছোড়া হয়েছে। এটি শুধু পুলিশকে মারা বা হামলা করা না, বড় ধরনের কোনো নাশকতার পূর্ব পরিকল্পনা বলে মনে হয়েছে। নিরপেক্ষ ও স্বচ্ছভাবে এই মামলাটি তদন্ত করার জন্য ইতোমধ্যে গোয়েন্দা পুলিশ এবং মতিঝিল ক্রাইম ডিভিশনের অফিসারদের দায়িত্ব দেওয়া হয়েছে, তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।