ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর বনানী থানায় দায়ের করা প্রতারণার মামলায় গ্রেফতার সাবেক ফুটবলার কায়সার হামিদকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ জামিন আবেদন নাকচ করে এ আদেশ দেন।
২০১৪ সালে বনানী থানায় করা একটি মামলায় রবিবার রাত সাড়ে ৯টার দিকে এলিফ্যান্ট রোড থেকে তাকে গ্রেফতার করে সিআইডি। পরে তাকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. শামসুদ্দিন।
আদালতে পাঠানো পুলিশের আবেদনে বলা হয়, কায়সার হামিদসহ অন্য আসামিরা আর্থিক প্রতিষ্ঠান খুলে অধিক মুনাফা দেওয়ার আশ্বাস দিয়ে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে কোম্পানি বন্ধ করে দেন। এই মামলার বাদীর কাছ থেকে ২২ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলেও তদন্তে প্রমাণ পাওয়া যায়। জানা গেছে, ফুটবল ছাড়ার পর কায়সার হামিদ ‘নিউওয়ে মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’ নামে একটি কোম্পানি খুলেছিলেন। ওই কোম্পানির জন্য বিভিন্ন জন থেকে অর্থ নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।