ইত্তেফাক রিপোর্ট
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল জলিলের ৭৯তম জন্মবার্ষিকী গতকাল সোমবার পালন করা হয়েছে। ১৯৩৯ সালের ২১ জানুয়ারি নওগাঁয় জন্মগ্রহণ করেন বরেণ্য এ রাজনীতিক।
আব্দুল জলিলের জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল সকালে সংগঠনের গুলশান কার্যালয়ে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অন্যতম প্রতিষ্ঠাতা ও স্টিয়ারিং কমিটির সভাপতি সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতেই এম.এ জলিলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যকরী সভাপতি অভিনেতা এটিএম শামসুজ্জামান, উপদেষ্টা সৈয়দ হাসান ইমাম, সহ সভাপতি চিত্রনায়িকা ফারহানা আমিন নুতন, সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, যুগ্ম সাধারণ সম্পাদক অরুনা বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জেনিফা ফেরদৌস, চিত্রনায়িকা শাহানুর, কণ্ঠশিল্পী রফিকুল আলম, এস.ডি রুবেল, মো. মোতাছিম বিল্লাহ, বৃষ্টি রানী সরকার, শাহ আলম, টিপু সুলতান, পারুল আক্তার লোপা, দিলীপ সরকার প্রমুখ।
সভাপতির বক্তব্যে সারাহ বেগম কবরী আওয়ামী লীগের দুঃসময়ে-দুর্দিনে এম.এ জলিলের অবদানের কথা স্মরণ করে বলেন, এম.এ জলিল ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের প্রকৃত সৈনিক। লোভ-লালসার কাছে কখনো তিনি মাথা নত করেননি। তিনি ছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীদের আপনজন। তৃণমূল কর্মীদের তিনি ভালবাসতেন। তার মত নির্লোভ, সত্, আদর্শবান রাজনীতিককে অভাব আমরা অনুভব করছি। তিনি শুধু রাজনীতিবিদই ছিলেন না, তিনি একজন অভিনেতাও ছিলেন।