স্পোর্টস ডেস্ক
সেরেনা উইলিয়ামস বিশ্বের এক নম্বর খেলোয়াড় সিমোনা হ্যালেপের বিরুদ্ধে জিতে বোন ভেনাসের হারটির প্রতিশোধ নিয়েছেন। এ জয়ে সেরেনা শুধু কোয়ার্টার ফাইনালই নিশ্চিত করেননি, মার্গারেট কোর্টের ২৪টি গ্র্যান্ডস্ল্যাম জয়ের রেকর্ডটির সমকক্ষ হওয়ার সম্ভাবনাও উজ্জ্বল করেছেন তিনি।
বর্তমানে ৩৭ বছর বয়সী সেরেনা হ্যালেপের বিরুদ্ধে কোর্টে নামার আগে কেবল নয়টি গেমে হেরেছিলেন। সঙ্গত কারণেই ধারণা করা হয়েছিল ২৩টি গ্র্যান্ডস্ল্যামের অধিকারী এই আমেরিকান হয়তো অনায়াস জয়ই পাবেন। কিন্তু গতকাল সোমবার অস্ট্রেলিয়ান ওপেনে তাকে হ্যালেপের বিরুদ্ধে জিততে বাড়তি ঘাম ঝরাতে হয়েছিল। রড লেভার অ্যারিনায় তার জয়টি ছিল ৬-১, ৪-৬ ও ৬-৪ গেমে পাওয়া।
শেষ আটে এখন তিনি লড়বেন ক্যারোলিনা প্লিসকোভার বিরুদ্ধে। এটা হবে সেরেনার ৫০তম গ্র্যান্ডস্ল্যাম কোয়ার্টার ফাইনাল।
হ্যালেপের বিরুদ্ধে এ নিয়ে ১০ বারের লড়াইয়ে নয়টিতেই জিতলেন প্রতিযোগিতার ১৬তম বাছাই সেরেনা। হ্যালেপ আগে রাউন্ডে ভেনাসকে হারিয়েই সেরেনার মুখোমুখি হয়েছিলেন। এখন হারটির কারণে বিশ্ব র্যাংকিংয়ের শীর্ষস্থান হাতছাড়া হতে পারে ফরাসি ওপেনের বর্তমান চ্যাম্পিয়নের।
এদিকে কোয়ার্টার ফাইনালে উঠেছেন ইউএস ওপেনের চ্যাম্পিয়ন নাওমি ওসাকাও। তিনি গতকাল আনাসতাসিজা সেভাসতোভাকে হারিয়ে নিজের ক্যারিয়ারের কেবল দ্বিতীয়বারের মতো কোনো গ্র্যান্ডস্ল্যামের কোয়ার্টার ফাইনালে উঠলেন। চতুর্থ বাছাই ওসাকা জেতেন ৪-৬, ৬-৩ ও ৬-৪ গেমে। শেষ আটে তার প্রতিপক্ষ ষষ্ঠ বাছাই এলিনা সভিতোলিনা।
জকোভিচের জয়
বিশ্বের এক নম্বর খেলোয়াড় নোভাক জকোভিচ অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠানরত বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যামটিতে জয় অব্যাহত রেখেছেন। ২০১৬ সালের পর এটি মেলবোর্নে তার প্রথম কোয়ার্টার ফাইনালে ওঠা।
সার্বীয় এ তারকা গতকাল ৬-৪ ৬-৭ (৬-৭) ৬-২ ৬-৩ গেমে রাশিয়ার ড্যানিয়েল মেদভেদেবকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেন। তবে ১৪টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী জকোভিচকে এ জন্য বাড়তি খাটতে হয়েছে। ৩১ বছর বয়সী জকোভিচ এদিন নিজের সেরা ফর্মে ছিলেন না। তারপরও তিন ঘণ্টা ১৫ মিনিটের লড়াইয়ের পর বিজয়ী হিসেবেই বেরিয়ে আসেন।
জকোভিচ এখন শেষ আটে কেই নিশিকোরির বিরুদ্ধে খেলবেন।
অস্ট্রেলিয়ান ওপেনে গতকালকের খেলাগুলো শেষে পুরুষ ও নারী বিভাগের কোয়ার্টার ফাইনালে কারা খেলবেন তা নিশ্চিত হয়ে গেছে।