স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্ব শেষ হওয়া মাত্রই দেশে ফিরে গেছেন সিলেট সিক্সার্সের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। আর দেশে ফিরে আজই সার্জনের ছুরির নিচে পড়তে হবে কনুইয়ের চোটে ভোগা এই অস্ট্রেলিয়ানকে। এই খবর জানিয়েছে স্বয়ং ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অস্ত্রোপচারের ধকল শেষ করে পুনরায় অনুশীলনে ফিরতে তার মাসখানেক সময় লাগবে। ওয়ার্নারের আসল লক্ষ্য ইংল্যান্ড বিশ্বকাপের আগে ফিট হওয়া। তাই বিপিএল থেকে দেশে ফিরেই অস্ত্রোপচারের জন্য আর দেরি করছেন না অস্ট্রেলিয়া দলের এ তারকা ওপেনার।
স্টিভেন স্মিথের মতো এতো গুরুতর নয় তার চোট। আর সার্জারিটাও হবে ছোট মাত্রার। এই সময়ে স্লিং পরে কাটাতে হবে এক সপ্তাহ। পুরোপুরি অনুশীলনে ফিরতে সময় লাগবে আরও তিন সপ্তাহ।
ওয়ার্নার আর স্টিভেন স্মিথ-বল টেম্পারিং কাণ্ডে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে আগামী ২৮ মার্চ। আশা করা হচ্ছিল, সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়েই মাঠে ফিরবেন তারা। তবে চোটের কারণে সেই ফেরা হয়তো আরও পিছিয়ে যাবে। যদিও বিশ্বকাপের আগেই তাদের ফিরে পাওয়ার আশা করতেই পারে অস্ট্রেলিয়া দল। মে-জুনে ইংল্যান্ড ও ওয়েলসে বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর।
ওয়ার্নারের মতো কনুইয়ের চোট নিয়ে এর আগে বিপিএল ছেড়ে অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন স্টিভেন স্মিথ। এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলার জন্য এসেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে অধিনায়কত্ব করা স্মিথ মাত্র দুই ম্যাচ খেলে চোট নিয়ে দেশে ফেরেন। ওয়ার্নার অবশ্য সিলেটের হয়ে খেলেছেন সাতটি ম্যাচ। এর মধ্যে তিনটিতেই ফিফটি পেয়েছেন তিনি। শেষ তিনটিতে ৬১*, ৬৩ ও ১৯ রানের ইনিংসে খেলেছিলেন সিলেটের এ অধিনায়ক।