নির্ধারিত সময়েই জাতীয় অ্যাথলেটিক্স

বঙ্গবন্ধু স্টেডিয়াম নিয়ে দ্বন্দ্বের অবসান

স্পোর্টস রিপোর্টার

জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের জন্য বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ব্যবহার করা নিয়ে ফুটবল ফেডারেশন এবং অ্যাথলেটিকস ফেডারেশনের মধ্যকার দ্বন্দ্ব শেষ পর্যন্ত মিটে গেছে।

আগামী ২৪-২৬ জানুয়ারি জাতীয় অ্যাথলেটিকস অনুষ্ঠিত হবে। অথচ একই সময়ে প্রিমিয়ার ফুটবল লিগের খেলাও রয়েছে। তাই সময়মত মাঠ পাওয়া ও খেলা সম্পন্ন করা নিয়ে সমস্যা তৈরি হয়েছিল দুই পক্ষের মধ্যে। একই মাঠে দুই ফেডারেশনের খেলা। একদিকে ফুটবল অন্যদিকে অ্যাথলেটিকস। দুই ফেডারেশনেরই ফিকশ্চার ঘোষণা করা আছে। একপক্ষ আরেক পক্ষকে দুষছেন।

অ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু এ ব্যাপারে বাফুফের কাছে পাঠানো চিঠি দেখিয়ে জানালেন তারা ডিসেম্বরে চিঠি দিয়েছেন বাফুফেকে। তাহলে ফুটবল ফেডারেশন কেন ২৪ এবং ২৫ জানুয়ারি ফুটবল খেলা দিল। ২৪ জানুয়ারি রহমতগঞ্জ ও চট্টগ্রাম আবাহনী এবং ২৫ জানুয়ারি শেখ রাসেল ও ব্রাদার্সের ম্যাচ আছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে।

অ্যাথলেটিকসের সাধারণ সম্পাদক ক্ষুব্ধ কণ্ঠে বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রশাসক মোবারক হোসেন লিটনকে দেখিয়ে বলছিলেন, ‘উনিও জানেন জাতীয় ক্রীড়া পরিষদকে আমি চিঠি দিয়েছি। এই চিঠি বাফুফেতে পাঠিয়েছিলাম তারা রিসিভও করেছে। আমি এই স্টেডিয়াম ব্যবহার করি বছরে নয় কিংবা ১০ দিন। তারপরও যদি আমার সঙ্গে এভাবে আচরণ করা হয় তাহলে আমি কাজ করব কিভাবে। কেন তারা জেনেশুনে খেলা রাখল।’

খতিয়ে দেখা গেছে বাফুফের পেশাদার লিগ কমিটির ভুলের কারণে এই দুই ফেডারেশন মুখোমুখি। কঠোর অবস্থান নিয়েছিল অ্যাথলেটিকস ফেডারেশন। শেষ পর্যন্ত অবশ্য এই ভুল বুঝাবুঝির অবসান ঘটেছে।

প্রিমিয়ার ফুটবল লিগ কমিটির কম্পিটিশন ম্যানেজার জাবের বিন তাহের আনসারী অ্যাথলেটিকস ফেডারেশনে বসে বৈঠক করেছেন। কিভাবে সমন্বয় করে দুই পক্ষের অসুবিধা না করে খেলা চালানো যায় তা নিয়ে আলোচনা হয়। সমাধানের পথ খুঁজে একটা সিদ্ধান্ত হয়েছে। নির্ধারিত তারিখেই জাতীয় অ্যাথলেটিকস হবে। ওই দিনের ফুটবল খেলা দুটি বিকাল ৪টার পরিবর্তে সন্ধ্যার পর হবে।

জাবের বিন তাহের আনসারী জানান তাদের সঙ্গে অ্যাথলেটিকসের মিটিং হয়েছে। তিনি জানিয়েছেন কোনো ভাবেই ফুটবল লিগের খেলাও পেছাবেন না। এ ব্যাপারে তিনি বলেন, ‘অ্যাথলেটিকস ফেডারেশন এবং আমরা (বাফুফে) একই সঙ্গে কাজ করছি। আমরা একে অপরের স্বার্থ খেয়াল রেখে কাজ করব। আমাদের কমিটমেন্ট রয়েছে কোনো ভাবেই খেলা পেছানো যাবে না। কারণ খেলা পেছালেই তার প্রভাব পড়ে ফিকশ্চারের অন্য খেলাগুলোতে। খেলা হবে খেলার দিনে। তবে সময়টা বদলে যাবে।’ তার কাছে জানতে চাওয়া হয়েছিল বিকাল ৪টার খেলা কখন শুরু হবে। জবাবে জাবের বলেন, ‘আমরা জানিয়ে দেব। ওই রাতেই খেলা হবে।’

সব শেষে অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু বললেন, ‘সমাধান হয়ে গেছে।’