আবারও ব্যবধান কমালো সিটি

 ইংলিশ প্রিমিয়ার লিগ

স্পোর্টস ডেস্ক

শিরোপাধারী ম্যানচেস্টার সিটি ইংলিশ প্রিমিয়ার লিগে হাডার্সফিল্ড টাউনের বিপক্ষে সহজে জিতে শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে ব্যবধান কমিয়েছে। প্রতিযোগিতার অন্য ম্যাচে টটেনহ্যাম হটস্পার ২-১ গোলে হারিয়েছে ফুলহ্যামকে।

পেপ গার্দিওলার দল ১৮তম মিনিটে দানিলোর লক্ষ্যভেদে এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়। ৫৪ মিনিটে ব্যবধান বাড়ান রাহিম স্টার্লিং। এর দুই মিনিট পর লেরয় সানে হাডার্সফিল্ডের জালে বল জড়ালে অনায়াসে জয় নিশ্চিত হয়ে যায় সিটির।

লিভারপুল আগেরদিন ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে রোমাঞ্চকর এক জয় পাওয়ায় সিটির সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়িয়েছিলো সাতে। হাডার্সফিল্ডের বিপক্ষে পাওয়া জয়ে তা আবারও চারে নামিয়ে আনলো সিটি।

গার্দিওলা ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে লিভারপুলের সঙ্গে ব্যবধান কমানোয় স্বস্তি প্রকাশ করলেও দলের পারফর্মেন্সে সন্তুষ্ট হতে পারেননি বলে জানান। স্প্যানিশ কোচের ভাষায়, ‘আজ আমরা খুশি কিন্তু পরে নিজেদের পারফর্মেন্সকে বিশ্লেষণ করতে হবে আমাদের এবং ভবিষ্যতে জিততে হলে আমাদেরকে ভালো খেলেই জিততে হবে।’

স্প্যানিশ এই কোচ জানান, ভবিষ্যতে ভালো খেলতে দৃঢ়প্রতিজ্ঞ তার দল। তিনি বলেন, ‘আজ যেভাবে খেলেছি আমরা, তাতে তিনটির বেশি গোল করার যোগ্য ছিলাম না আমরা। ভবিষ্যতে আরও উন্নতি করবো আমরা। প্রতি ম্যাচেই নিজেদের কাছে প্রত্যাশা আরও বাড়াতে হবে আমাদের এবং নিজের সেরাটা ঢেলে দিতে হবে; কিন্তু কখনো তা করা কঠিন হয়ে পড়ে। তাদের রক্ষণভাগ খুব নিচে নেমে গিয়েছিলো এবং আমাদের প্রতিটি খেলোয়াড় ধরে রক্ষণ করছিলো।’

গার্দিওলা আরও বলেন, ‘দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলেছি, বিশেষ করে প্রথম ১৫ মিনিটে। প্রথমার্ধে আমাদের খেলার ছন্দ ঠিক গতিশীল ছিলো না; কিন্তু ফলাফলটা আমরা খুশিমনেই গ্রহণ করে নেবো।’

সিটির পরবর্তী প্রতিপক্ষ বার্টন অ্যালবিয়ন। চতুর্থ বিভাগের দলটির বিপক্ষে ইএফএল কাপ সেমিফাইনালের প্রথম লেগে ৯-০ গোলের বিশাল জয় পেয়ে ফাইনালে এক পা দিয়েই রেখেছে সিটি। অন্যদিকে লিভারপুল ৩০ জানুয়ারি লেস্টার সিটিকে আতিথ্য দেওয়ার আগ পর্যন্ত বেশ বড় এক বিশ্রাম পাচ্ছে লিভারপুল।

এ প্রসঙ্গে গার্দিওলা বলেন, ‘আমি লিভারপুলের জায়গায় থাকতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করতাম। আমরা যা করতে পারি তা হলো নিজেদের প্রতিটি ম্যাচে জয় তুলে নেওয়া। খেলায় উন্নতি করা, নিজেদের বিশ্লেষণ করা এবং আরও উন্নতির চেষ্টা করা।’

পয়েন্ট তালিকার শীর্ষে থাকা লিভারপুল সম্পর্কে সিটি কোচ বলেন, ‘প্রতিটি সংবাদ সম্মেলনে আমি লিভারপুল নিয়ে প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমাদের সামনে ইএফএল কাপ আছে এবং এতেই আমরা মনোনিবেশ করছি।’

জয় পেয়েছে তালিকার তিনে থাকা টটেনহ্যাম হটস্পারও। ফুলহ্যামের মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছে কোচ মরিসিও পচেত্তিনোর দল।

১৭ মিনিটে ফার্নান্দো লরেন্তের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়া টটেনহ্যাম দেলে আলির লক্ষ্যভেদে সমতায় ফেরে ৫১ মিনিটে। যোগ করা সময়ে হ্যারি উইঙ্কসের গোলে কষ্টার্জিত জয় পায় স্পার্সরা।