চট্টগ্রামে শীতকালীন স্কুল ও মাদ্রাসা ক্রীড়ার উদ্বোধন আজ

  স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৪৮তম শীতকালীন ক্রীড়ার চূড়ান্ত আসর আজ মঙ্গলবার হতে বন্দরনগরী চট্টগ্রামে শুরু হচ্ছে। বকুল, গোলাপ, চাঁপা ও পদ্ম নামে চার অঞ্চলের দুইশ করে সর্বমোট ৮০০ প্রতিযোগী এতে অ্যাথলেটিক্স, ক্রিকেট, হকি, ভলিবল, বাস্কেটবল, ব্যাডমিন্টন ও টেবিল টেনিসে প্রতিদ্বন্দ্বিতা করবে।

চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে বর্ণাঢ্য উদ্বোধনের পরপরই ক্রীড়াযজ্ঞ শুরু হবে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে। আসরের মূল আকর্ষণ অ্যাথলেটিক্স, হকি ও বালিকা গ্রুপের ক্রিকেট ভেন্যু চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ মাঠ, বালক গ্রুপের ক্রিকেট ভেন্যু চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মাঠ, বালক ও বালিকা গ্রুপের ভলিবল ভেন্যু চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন খেলার প্রশিক্ষণ মাঠ, ব্যাডমিন্টন ও টেবিল টেনিস ভেন্যু জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়াম ভবনে নির্ধারিত রয়েছে।

আসরটি আয়োজনের জন্য এই সকল ভেন্যু সম্পূর্ণভাবে প্রস্তুত। পাঁচদিনের এই ক্রীড়া আসরের জন্য প্রায় ৬০ লাখ টাকার বাজেট প্রণয়ন করা হয়েছে। এর সিংহভাগ ব্যয় হবে প্রতিযোগীদের যাতায়াত ও অন্যান্য ভাতা বাবদ।

গতকাল সোমবার নগরীর এক হোটেল মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে চূড়ান্ত আসর আয়োজনের বিস্তারিত জানান সাংগঠনিক কমিটির সভাপতি ও আসর আয়োজক চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব ও আয়োজক বোর্ডের সচিব প্রফেসর শওকত আলম, জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুস ছালাম ও মিডিয়া কমিটির আহ্বায়ক ও বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান প্রমুখ।