‘এটা একটা অসাধারণ অনুভূতি’

স্পোর্টস রিপোর্টার

আগের ৫ ম্যাচে মোট ১৩ রান। এর মধ্যে দুটো শূন্যও আছে।

এরকম অবস্থায় ষষ্ঠ ম্যাচ খেলার আশা করাটাই কঠিন। দলটা রাজশাহী কিংস বলেই হয়তো আরেকটা সুযোগ পেয়ে গেলেন লরি ইভান্স। আর এই সুযোগটাকেই ‘টার্নিং পয়েন্ট’ বানিয়ে ফেললেন ইংলিশ এই ব্যাটসম্যান। করে ফেললেন সেঞ্চুরি। এবার বিপিএলের প্রথম সেঞ্চুরিটা করে ফেললেন ইভান্স। দিনশেষে বলছিলেন, এই সেঞ্চুরি করা ম্যাচটা যে খেলতে পেরেছেন, সেজন্য তার কৃতজ্ঞতার শেষ নেই।

নিজের ফর্মহীনতার সময়টাকে ব্যাখ্যা করতে গিয়ে ইভান্স বলছিলেন, তিনি আসলে মাঝে যে ছুটিতে ছিলেন, সেটাই তাকে ফর্মহীন করে ফেলেছে, ‘আমি গতকাল যখন অনুশীলনে এলাম, এখানে (বাংলাদেশে) আসার পর প্রথমবারের মতো ভালো লাগছিলো। এপিএল (আফগানিস্তান প্রিমিয়ার লিগ) ও টি-টেন খেলার পর আমি কিছুদিন বিরতিতে ছিলাম। এই সময় বিয়ে হয়েছে আমার। ফলে আমি যখন এখানে এসেছি, আমার সাথে কোনো ফর্ম ছিলো না। আজ টপ অর্ডারে দারুণ একটা সুযোগ এসেছিলো। সেঞ্চুরির রহস্য সম্ভবত কঠোর পরিশ্রম।’

এই ফর্মহীনতার সময় থেকে সেঞ্চুরির ফর্মে ফেরার যে সুযোগ তিনি দলের কাছ থেকে পেয়েছেন, সেজন্য বারবার কৃতজ্ঞতা জানালেন ইভান্স। বলছিলেন, ‘অবশ্যই সেঞ্চুরিটা বিশেষ কিছু। আমি আগে একবার এটার কাছে এসেছিলাম। আমি আমাকে আরেকটা সুযোগ দেওয়ায় কোচ ও টিম মালিকদের প্রতি খুব কৃতজ্ঞ। কারণ আমি যেহেতু আগে রান করতে পারিনি, নিশ্চিতভাবেই আজকের সুযোগটা আমার প্রাপ্য ছিলো না। ফলে আমি কৃতজ্ঞ যে, তারা বিশ্বাস রেখেছেন, আমাকে দিয়ে কাজটা হওয়া সম্ভব।’

শুরুতে নিজের সেঞ্চুরিটা নিয়ে সেভাবে ভাবেননি। একটা সময় যখন দেখলেন রানের গতি বাড়ানো দরকার, তখন ইভান্সের মনে হয়েছে এবার সেঞ্চুরিটাও করা যায়, ‘যখন সীমাররা আবার আক্রমণে এলো তখন চিন্তাটা মাথায় এসেছিলো। আমরা যে রান করতে চেয়েছিলাম, তার চেয়ে বেশ পেছনে ছিলাম। আমি ও ডেশকাট আলাপ করছিলাম যে, আমাকে এখন আক্রমণ করা দরকার এবং ভালো একটা স্কোর করা দরকার।’

ইভান্সের এই সেঞ্চুরি শক্তিশালী কুমিল্লার বিপক্ষে রাজশাহীকে সহজ একটা জয় এনে দিয়েছে। দিনশেষে সেই জয় নিয়েই বেশি উচ্ছ্বসিত এই ওপেনার। কুমিল্লাকে হারানোর গুরুত্ব বোঝাতে গিয়ে বলছিলেন, ‘এটা অসাধারণ একটা অনুভূতি। খেলাটা উত্থান-পতনের ছিলো। এটা বড় একটা জয় ছিলো। আমরা এই জয় দিয়ে বাছাইপর্বের দিকে বেশ এগিয়ে গেলাম। কুমিল্লার মতো একটা দল, যারা আগের সাক্ষাতে আমাদের সহজে হারিয়েছিলো, তাদের হারানোটা সহজ ব্যাপার নয়। তাদের দলে বেশ কিছু ভালো খেলোয়াড় আছে। অন্যদিকে আমাদের কয়েকজন খেলোয়াড় ফর্ম ফিরে পেতে লড়ছে। এখন পর্যন্ত আমরা সেরা ছন্দে পৌঁছাতে পারিনি। ফলে এই জয়টা বড় ব্যাপার ছিলো।’